ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে ৪ রাজনৈতিক দলের সমাবেশ আহ্বান
ব্রাহ্মণবাড়িয়ায় চার রাজনৈতিক দলের একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
শনিবার বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ পৌরমুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে।
অন্যদিকে বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামাতে ইসলামী একই স্থানে একই সময় সমাবেশের ডাক দেয়।
এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।
জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, যেকোন মূল্যে তারা সমাবেশ সফল করবেন। পর্যাপ্ত লোকবল নিয়ে তারা পৌরমুক্ত মঞ্চে সমাবেশ করে যেকোন পরিস্থিতির মোকাবেলা করবেন।
জেলা আওয়ামী লীগের নেতারা ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন। ২৮ অক্টোবর রাত থেকেই এখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হবে বলে তারা জানান।
শুক্রবার বিকেলে স্থানীয় আলাউদ্দিন সংগীতাঙ্গনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল খান, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার একান্ত সচিব রআম উবায়দুল মোক্তাদির চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সহ--সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এদিকে জেলা আওয়ামী লীগের অপর গ্র“প টেংকেরপাড় জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে এক সমাবেশ আহ্বান করেছে।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে রাজধানী ঢাকা থেকে বিচ্ছিন্ন করার সমস্ত কর্মসূচিই বাস্তবায়ন করা হবে।
