২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারও সচিবালয় ছিল খোলা, ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিকদের

ঈদের ছুটির মতোই সরকারি ছুটির দিন শুক্রবার কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা খোলা রেখে কাজকর্ম হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এতে সাধারণ কাজকর্ম হলেও কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ বা আদেশ জারী করা হয়নি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের অফিসেও বিশেষ নির্দেশে শুক্রবার অফিস খোলা রাখা হয় বলে সচিবালয় সূত্র জানিয়েছে।

সচিবালয় খোলা থাকলেও শুক্রবার সকাল থেকেই সেখানে সাংবাদিকদের প্রবেশ ছিল নিষিদ্ধ। প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় তথ্য অধিদপ্তরের ইস্যু করা পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোন সাংবাদিককে সেখানে ঢুকতে দেয়নি।

তথ্য অধিদপ্তরের বেশকিছু কর্মকর্তাকেও তাদের দায়িত্ব পালনে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ঝক্কি-ঝামেলা পোহাতে দেখা গেছে।

কর্তব্যরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক মোজাম্মেল হোসেন এবং সাব ইন্সপেক্টর মজিবুর রহমান এ ব্যাপারে সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) মতিউর রহমানের মৌখিক নির্দেশে তারা সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছেন। এ বিষয়ে কোন লিখিত নির্দেশ না পেলেও তারা সচিবালয়ের প্রধান ফটকে রাখা বইতে বিষয়টি লিপিবদ্ধ করেছেন।

সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমানও এর সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, বন্ধের দিনে সচিবালয়ে কোন কাজকর্ম না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা সচিবালয়ে সাংবাদিকসহ সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রেখেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সচিবালয়ে সাংবাদিক প্রবেশের ক্ষেত্রে এ বিধি-নিষেধ বলবৎ থাকবে।

সূত্র জানায়, সংস্থাপন মন্ত্রণালয় খোলা হলেও অল্প কিছু সময় পরেই বন্ধ করে দেয়া হয়। তবে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সন্ধ্যা পর্যন্ত অফিস করেন।