২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইলেন আইনজীবীরা

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ও দেশের সংবিধান বিশেষজ্ঞরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলম্বে সাংবিধানিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার সকাল সাড়ে ১১টায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির প্রতি এই আহ্বান জানিয়ে বলা হয়, সংবিধান অনুযায়ীই বিচারপতি কে এম হাসান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার অযোগ্য বলে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে এ পদে নিয়োগ দিতে পারেন রাষ্ট্রপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম বলেন, সাংবিধানিক যোগ্যতার মাপকাঠিতে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে বিদায়ী সরকারের কোন ইচ্ছা বা পরামর্শ চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, দেশের প্রয়োজনে সংকট নিরসনে রাষ্ট্রপতি প্রধান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চাইতে পারেন। সংবিধান ও গণতন্ত্রকে সুসংহত রাখতে ও দেশকে সংঘাত মুক্ত রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির এমন পদক্ষেপের কোন বিকল্প নেই।

ব্যারিস্টার আমীর বলেন, বিচারপতি এক এম হাসানকে কেউ নির্দলীয় ভাবছে না এবং সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী তিনি এ পদে নিয়োগের যোগ্য নন বলে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর নাম পরবর্তী বিবেচনায় আসে। 

সংবিধান প্রণেতা ও সমিতিরি সাবেক সভাপতি ড. কামাল হোসেন রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষের আকাংখা বাস্তবায়নের জন্য সাংবিধানিকভাবে অভিভাবকের কর্তব্য পালন করুন। সংবিধানের ৫৮(গ) অনুচ্ছেদে স্পষ্ট ব্যাখ্যা আছে অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি যদি না পাওয়া যায় তার পরে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন।”

ড. কামাল আরও বলেন, দেশের ১৪ কোটি মানুষ চায় সংবিধান সমুন্নত রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হোক। সরকারের ক্ষমতা শেষে কিভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা নিয়োগ হবেন তা সংবিধানে উল্লেখ রয়েছে। দেশের মানুষ সংঘাত, সংকট চায় না, সবাই শান্তি চায়।

সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির বলেন, নির্দলীয় নিরপক্ষে তত্ত্বাবধায়ক সরকার কেবল গঠন করলেই হবে না, সবার কাছে তাঁকে গ্রহণযোগ্য হতে হবে। দেশের ৫০ ভাগ মানুষের মতে একজন বিতর্কিত মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, জনমত অগ্রাহ্য করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হলে এবং তাদের মতামত উপেক্ষা করে নির্বাচন হলে গণতন্ত্র সংকটে পড়বে, সৃষ্টি হবে সাংবিধানিক জটিলতা। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুতুলের মতো দায়িত্ব পালন করে একজন বিতর্কিত লোককে প্রধান উপদেষ্টা পদে না বসিয়ে রাজনৈতিক দলগুলোকে েেক আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ব্যারিস্টার শফিক আহমেদ, আবুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এ এম আমিনউদ্দিন।

বক্তারা বলেন, বিএনপি দলীয় নেতাদের নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে বিচারপতি কে এম হাসান প্রমাণ দিয়েছেন যে তিনি নির্দলীয় নন। সংবিধান লঙ্ঘন করে বিচারপতি হাসানকে প্রধান উপদেষ্টা করা হলে ওই তত্ত্বাবধায়ক সরকারের কেউ উপদেষ্টা হবেন না।

এদিকে বিকাল সাড়ে ৪ টার দিকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেও তাঁরা অনুমতি পাননি।