কলাপাড়ায় বিএনপি ও আ. লীগ সংঘর্ষ অব্যাহত, ১ জন গুলিবিদ্ধ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী--সমর্থকদের সংঘর্ষ শুক্রবারও অব্যাহত রয়েছে।
শুক্রবার সকাল ও দুপুরে আওয়ামী লীগের সাংসদ মাহবুবুর রহমানের বাসা লক্ষ্য করে দু দফায় বিএনপির কর্মী--সমর্থকরা বেশ কয়েক রাউণ্ড গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় গুলিতে গুরুতর আহত ছাত্রদল কর্মী সোহেল সিকদারকে (২২) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধাওয়া--পাল্টা ধাওয়ায় একটি মসজিদে জুমার নামাজ বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
বর্তমানে ছাত্রদল, যুবদল ও আওয়ামী লীগ কর্মীরা নিজ নিজ এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি, বৈঠা মিছিলে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকনকে মারধর করে। এর জের ধরে বিকেলে দুই দলের ধাওয়া--পাল্টা ধাওয়া, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি, জাপা (এ) অফিস, সিনেমা হলসহ অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হন এরশাদুল আহসান (৪৫), শাহ আলম (৩৫), ছাত্রদলের লিটন (২৫) ও মোস্তাফিজ (৩০)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় সন্ধ্যার দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
এরই জের ধরে শুক্রবার সকাল থেকেই বিএনপি ও আওয়ামী লীগের কর্মী--সমর্থকদের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া--পাল্টা ধাওয়া হয়। ছাত্রদল ও যুবদলের কর্মীরা সকাল ও দুপুরে সাংসদের বাসায় দুই দফা গুলিবর্ষণ করে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মাহবুবুর রহমানের সঙ্গে নফহবংি২৪.পড়স এর ঢাকা অফিস থেকে যোগাযোগ করা হলে তিনি গুলিবর্ষণের খবরের সত্যতা স্বীকার করে বলেন, তিনি বাসায়ই আছেন। শহরের পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি বাসার বাইরে বেরুতে পারছেন না। এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চাইলেও এখন পর্যন্ত কোন তৎপরতা তার চোখে পড়ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার তাদের সাংগঠনিক একটি কর্মসূচিতে বিএনপি সমর্থকরা হামলা চালালে তাদের কর্মীরাও এর পাল্টা জবাব দেয়।
উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা একটি কর্মসূচিতে ব্যস্ত ছিল। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়’।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান জানান, বিএনপির সমর্থকরা তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালালে আওয়ামী লীগের কর্মীরাও এর পাল্টা জবাব দেয়।
এদিকে সাংসদের বাসায় গুলিবর্ষণের কথা অস্বীকার করেছেন এএসপি (সার্কেল) প্রবীর কুমার রায়। ঢাকা থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন,‘আপনি কি গুলির শব্দ শুনেছেন?” তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দু দফায় পুলিশ আট রাউন্ড শর্টগানের ফাঁকা গুলিবর্ষণ করেছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস নফহবংি২৪.পড়স কে জানান, ‘কোথাও কোন গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। দুই পক্ষ ঢিল ছুঁড়ছিল, তাদের থামাতে পুলিশই চার রাউণ্ড ঢাঁকা গুলি ছোঁড়ে’।
প্রশাসন থেকে সাংসদের বাসায় কোন নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি জানান, ‘সবরকম নিরাপত্তাই দেওয়া হয়েছে।’
