হাসিনার এসএসএফ প্রত্যাহার চক্রান্ত ছাড়া কিছু নয়: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেছেন, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসা থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) প্রত্যাহার করে নেওয়া চক্রান্তকারীদের সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, পদমর্যাদা অনুযায়ী প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী সমান। সাবেক বিরোধী দলীয় নেত্রীর বাসা থেকে এসএসএফ প্রত্যাহার করা হয় তবে প্রধানমন্ত্রী তা ভোগ করবেন কেন? তিনি প্রধানমন্ত্রীর এসএসএফও প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।
শনিবার দুপুর সোয়া ১২টায় ধানমণ্ডি ৩ নং রোডের আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আব্দুল জলিল একথা বলেন।
জলিল জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ২৬ অক্টোবর এক চিঠিতে বলেছেন, সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অব্যবহিত পর থেকে এস আর ও নং-২৮১-আইন/২০০২ অনুযায়ী সংসদের সাবেক বিরোধী দলীয় নেতার নিরাপত্তার দায়িত্ব বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) গ্রহণ করবে। সে অনুযায়ী গত ২৭ অক্টোবর থেকে এসএসএফ দায়িত্ব গ্রহণ করে এবং পূর্বের পুলিশী নিরাপত্তা তুলে নেওয়া হয়। কিন্তু কোন তথ্য ছাড়াই শুক্রবার রাত ৩টা থেকে এসএসএফ প্রত্যাহার করা হয়।
জলিল বলেন, এসময় নেতার বাসা সম্পূর্ণ অরক্ষিত ছিল। এটি একটি চক্রান্ত ছাড়া কিছুই নয়। জানা গেছে, রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত শেখ হাসিনার বাসা নিরাপত্তাহীন থাকার পর ১০টার দিকে পুলিশ দায়িত্ব নেয়।
