বিভিন্ন স্থানে এলডিপি নেতাদের বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও বিএনপির সিনিয়র সদস্য সাংসদ অলির নেতৃত্বে ঘোষিত নতুন দল এলডিপিতে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির সাবেক শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন নেতার বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির স্থানীয় কমিটির সদস্য রেদোয়ান আহমেদ, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, সৈয়দ মনজুর হোসেন, আলমগীর কবির ও মোহাম্মদ আলী জিন্নাহর বাসায় হামলা চালায়। খুলনায় শেখ রাজ্জাক আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
রেদোয়ান আহমেদের ঢাকার উত্তরার (বাড়ি: ৩, রোড: ৬/এ, সেক্টর: ৪) পাঁচতলা ভবনের নিচতলায় বিকেল সাড়ে ৪ টায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর তিনটি অগ্নিনির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেদোয়ান আহমেদের বাড়ির চারদিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এদিকে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদের বিরুদ্ধে থানা বিএনপি সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে সাড়ে ৫টা থেকে জুতা ও ঝাড়– মিছিল বের হয়।
সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর খুলনা মহানগরীর বাড়িতে বৃহস্পতিবার বিকেলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।
খুলনা থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানান, সাবেক স্পিকার রাজ্জাক আলী এলডিপিতে যোগ দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে বেঈমান আখ্যা দিয়ে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। রাজ্জাক আলীকে খুলনায় ঢুকতে দেওয়া হবে না বলেও তারা ঘোষণা করেছেন। সন্ধ্যা ৭ টায় নগরীতে বিএনপির উদ্যোগে রাজ্জাক আলীর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে নগরীর ফারাজিপাড়ায় বিকেল সাড়ে ৩ টার দিকে ৭/৮জন সন্ত্রাসী রাজ্জাক আলীর বাড়িতে ঢুকে দারোয়ানকে জিম্মি করে তার বসার ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় রাজ্জাক আলী এলডিপির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী বেগম মাজেদা আলী ও মেয়ে ডা. শাহানাজ রাজ্জাক।
ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনের চিৎকারে মাজেদা আলী ও শাহানাজ রাজ্জাক নিচে নেমে আসেন। সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততোক্ষণে বসার ঘরের সোফা, টেলিফোন, ছবি ইত্যাদি পুড়ে যায়।
ডিসি--দক্ষিণ কুসুম দেওয়ান, এসি সাইদুর রহমান, এসি জহুরুল হক চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাজেদা আলী অভিযোগ করেন, সন্ত্রাসী হামলার ভয়ে তারা দুপুর ২টার দিকে থানায় ফোন করে পুলিশের কাছ থেকে নিরাপত্তা চান। কিন্তু পুলিশ তাদের সহযোগিতা করেনি।
এ প্রসঙ্গে এসি জহুরুল হক চৌধুরী বলেন, থানায় মিটিং থাকায় এবং সদস্য সংখ্যা কম থাকায় পুলিশী নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল--গোমস্তাপুর--ভোলাহাট) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মনজুর হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় তাঁর বাড়িতে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয়। এর আগে তার বিরুদ্ধে ঝাড়– মিছিল, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ হয়।
সন্ধ্যায় জেলার নাচোল উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বাসস্ট্যান্ড মোড়ে মনজুর হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে একই সময় এ আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের স্ত্রী সদর উপজেলা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। বাসস্ট্যান্ডে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এক পথসভায় বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ--৬ আসনের সংসদ সদস্য আলমগীর কবিরের এলডিপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে বিএনপির নেতাকর্মীরা। তারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং আসবাবপত্র ভাংচুর করে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ খবরে আনন্দ র্যালী বের করে।
চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় সাংসদ মোহ্ম্মাদ আলী জিন্নাহর বাড়িতেও হামলা হয়েছে বলে চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে মিরেরসরাই সদরে কয়েকজন তার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে। তারা কয়েকটি জানালাও ভাংচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। এ সময় তারা বাড়ির দারোয়ানকে মারধর করে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
ময়মনসিংহ ও নেত্রকোণা প্রতিনিধি জানান, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সাংসদ সাবেক হুইপ ও ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি এম এ করিম আব্বাসীর দুর্গাপুরের বাড়িতে সাড়ে ৬টায় হামলা--ভাংচুর ও তার কুশ পুত্তলিকা দাহ করা হয়। এর আগে তাকে ২১ অক্টোবর দুর্গাপুরে এবং ২২ অক্টোবর কলমাকান্দায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক আহ্বায়ক ইমাম হাসান আবুচান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম রেজা, এসএ জিন্নাহ, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সাবেক নৌ--পরিবহন মন্ত্রী এবিএম জাহিদুল হক এলডিপিতে যোগ দেওয়ায় তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তার নির্বাচনী এলাকার বিএনপি নেতা--কর্মীরা।
জাহিদুল হকের এলডিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানার পর পাকুন্দিয়ায় বিএনপি নেতা--কর্মীরা বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামালউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এসএম মিনহাজউদ্দিন।
যশোর প্রতিনিধি জানান, যশোর --১ আসনের সংসদ সদস্য আলী কদরকে ধিক্কার জানিয়ে জেলা ছাত্রদল ও যুবদল শহরে মিছিল করেছে। তারা আলী কদর ও মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু মুসার বিরুদ্ধে নানা বিদ্রুপাত্মক শ্লোগান দেয়। বিকেলে শার্শায় এক সমাবেশ থেকে উপজেলা বিএনপি নেতারা আলী কদরকে যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। পরে একটি মিছিল শার্শা বাজার প্রদক্ষিণ করে।
