২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া ঈদের দিন দেশকে সংঘাত উপহার দিলেন: জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সংলাপ ব্যর্থ ও দেশকে সংঘাতের মুখে ঠেলে দেয়ার জন্য বিএনপিকে দায়ী করেছেন। তিনি বলেন, ঈদের দিন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া দেশকে সংঘাত উপহার দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 11:11 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

ধানমন্ডি কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে জলিল বলেন, “মান্নান ভূঁইয়া প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের ব্যাপারে অসত্য কথা বলে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। ভেঙ্গে দিয়েছেন সংলাপ। সেই সঙ্গে দেশকে ঠেলে দিয়েছেন সংঘাতের মুখে।”

জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৬ষ্ঠ দফার সংলাপে মান্নান ভূঁইয়া কে এম হাসানের পরিবর্তে এম এ আজিজের নাম প্রস্তাব করেন। কিন্তু পরে মান্নান ভূঁইয়া তাঁর প্রস্তাব থেকে পিছু হটে আসেন। কেননা তাঁরা অনুধাবন করতে পারেন যে সংবিধান অনুযায়ী আজিজ প্রধান উপদেষ্টা হতে পারেন না।

জলিল জানান,ক্ষমতাসীন দল স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে হাসান প্রশ্নে তারা কোন আপস করেেব না। নির্বাচন সংস্কার নিয়ে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সংলাপ আবারো শুরু করা জন্য তিনি বিএনপি জোটের প্রতি আহবানও জানান।

জলিল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেএম হাসান ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে লগি-বৈঠা নিয়ে ঢাকা অবরোধ করা হবে। অচল করে দেয়া হবে পুরো দেশ। তিনি আরো বলেন, হাসানের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। জনগণ অবশ্যই তা প্রতিরোধ করবে।

এর আগে মান্নান ভূঁইয়া তার বেইলী রোডের বাড়িতে এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন, প্রধান উপদেষ্টা হিসেবে বিরোধীদের অবশ্যই হাসানকে মেনে নিতে হবে। অন্যথায় আর কোন সংলাপ হবে না।