২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক ব্যর্থতার কথা স্বীকার করলেন মোর্শেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান রোববার অর্থনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ‘মোর্শেদ কমিটি’র সুপারিশ বাস্তবায়ন না করার জন্যও তিনি এ মন্ত্রণালয়কে দায়ী করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 09:54 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘গত পাঁচ বছরে এটাই ছিল আমার সবচেয়ে বড় ব্যর্থতা। বাস্তবায়নের বিষয়টি আসলে আমার ক্ষমতার বাইরে ছিল।’

তিনি বলেন, ‘যারা বাস্তবায়নের সাথে জড়িত তারা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করেনি। এখানে অনেক হতাশার ব্যাপার আছে।’

সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ কমিটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুপারিশ যাতে বাস্তবায়িত হয় সেজন্য পরবর্তী সরকারের কাছে মন্ত্রিপরিষদ কমিটি গঠনের আহ্বান জানাবো।’

এর আগে ক্ষমতায় থাকাকালে ১৯৯৪ সালে বিএনপি সরকার অর্থনৈতিক কূটনীতি জোরদারে পদক্ষেপ নেওয়ার জন্য মোর্শেদ খানের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে। তখন তিনি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সুপারিশগুলোর বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলেও আগের আমলে দেওয়া ‘মোর্শেদ কমিটি’র সুপারিশ অবাস্তবায়িতই রয়ে যায়।

গত চার বছর ধরে মোর্শেদ খান বলে আসছিলেনÑ সুপারিশ সম্বলিত প্রতিবেদন বাস্তবায়নের জন্য তা মন্ত্রিপরিষদে পাঠানো হবে।

দুই খণ্ডে সমাপ্ত ওই প্রতিবেদনে ৫০টির বেশি সুপারিশ এবং বেশকিছু পর্যবেক্ষণ লিপিবদ্ধ করা হয়েছে। সুপারিশ প্রণয়নের জন্য কমিটির সদস্যরা পররাষ্ট্রনীতি এবং বাণিজ্যবিষয়ক দেড় শতাধিক বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিয়েছেন।

প্রতিবেদনে দেশের বাইরে কূটনৈতিক এবং কনস্যুলার মিশনের সকল কার্যক্রম একটি কর্তৃপক্ষের অধীনে পরিচালনার জন্য সুপারিশ করা হয়।

ক্যাডার সার্ভিস এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার কার্যক্রম রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালনার ব্যাপারেও এতে প্রস্তাব করা হয়।

চলমান প্রক্রিয়ায় মিশনের প্রধানকে অন্ধকারে রেখে কিংবা কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সরাসরি তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়।

প্রতিবেদনে আন্তঃমন্ত্রণালয় কলহ, অবাধ্যতার ঘটনা, বিশৃঙ্খলা এবং বিভিন্ন শাখার বিস্তারের ফলে সম্পদের অপচয়ের কথা মিশনগুলোর সকল শাখা বিলুপ্ত করার ব্যাপারে প্রস্তাব রাখা হয়েছে।  মিশনের শাখা-প্রশাখার সংখ্যা বাড়াবাড়ি রকম বেড়ে যাওয়ায় অধিকাংশ মিশন একযোগে কাজ করতে পারছে না বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদনে মিশনগুলোর ২০ শতাংশ অর্থনৈতিক ও বাণিজ্যিক পদে বর্তমানে প্রচলিত প্রেস ও তথ্য সংক্রান্ত পদগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে সেভাবে নিয়োগ দেওয়ার ব্যাপারেও সুপারিশ করা হয়েছে।