জনগণ হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় না: লন্ডনে হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক কে এম হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায় না। অথচ বঙ্গবন্ধুর খুনীর আত্মীয় এই লোকটিকে প্রধান উপদেষ্টা করার জন্য সংবিধান পর্যন্ত সংশোধন করা হয়েছে।
লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার আয়োজিত প্রবাসীদের এক সমাবেশে হাসিনা বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। সে কারণেই খোলা মন নিয়ে সংলাপে যোগ দিয়েছি।’
ঢাকায় দলের এক বিজ্ঞপ্তিতে রোববার একথা জানানো হয়।
তিনি প্রশ্ন রাখেন, বিতর্কের উর্ধ্বে এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করতে বিএনপি--জামাত জোটের আপত্তি কোথায়?
শেখ হাসিনা বলেন, সরকারি দল জানে নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে না। জনগণের ভোট চুরি করতে চায় বলেই তারা সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে।
তিনি বলেন, সরকার ভোট চুরির জন্য নির্বাচন কমিশন দলীয়করণ করেছে। ভূয়া ভোটার করেছে ১ কোটি ৪০ লাখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে ছাত্রদল ও শিবিরের তিনশ ক্যাডারকে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন খানের সভাপতিত্বে হ্যারোতে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, ব্রিটিশ এমপি কেরোন বাগ, কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী, বঙ্গবন্ধুর দৌহিত্র রেজওয়ান মুজিব সিদ্দিক ববি, ড. রেজা কিবরিয়া, আওয়ামী লীগের সহ-সম্পাদক নসরুল হামিদ বিপু, আব্দুস সোবহান গোলাপ, অনিল দাশগুপ্ত, আব্দুল গনি, আবুল হাশেম, সুলতান শরীফ,মোস্তাক কোরায়েশী, জালাল উদ্দিন।
