ধোবাউড়ায় বিএনপি নেতার ওপর হামলা: প্রতিবাদে হরতাল
আগামী সংসদ নির্বাচনে জেলার ধোবাউড়া--পূর্বধলা আসনে ক্ষমতাসীন বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুর রশীদ মজনুকে শুক্রবার রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ বিএনপি সাংসদ ডাঃ মোহাম্মদ আলীর সমর্থকরা। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন আরো ৪ জন।
ঘটনার প্রতিবাদে মজনু চেয়ারম্যানের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। কিন্তু পুলিশ তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করলে ১৫ জন নেতা--কর্মী আহত হয়। এ ঘটনায় মজনু চেয়ারম্যানের সমর্থকরা শনিবার গোয়াতলা বাজারে আধাবেলা হরতাল আহ্বান করেছে। উভয় গ্র“পের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়াতলা বাজারে সন্ধ্যায় মজনু চেয়ারম্যানকে স্থানীয় বিএনপি সাংসদ ডা. মোহাম্মদ আলীর সমর্থকরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সে সময় আহত অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন আব্দুস ছোবহান, দৌলত আলী, আব্দুল গফুর ও জাহাঙ্গীর।
এ ব্যাপারে মজনু চেয়ারম্যান বলেন, ‘মোহাম্মদ আলী এমপি আমাকে হত্যার জন্য এ হামলা চালিয়েছেন’।
তবে সাংসদ আলী দাবি করেছেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমি জানি না’।
