২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এবং বিরোধী দলের মধ্যে নির্বাচন কমিশন সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে আগামী সংসদ নির্বাচন হুমকির মুখে পড়েছে। আসন্ন এই নির্বাচন অবশ্যই অবাধ ও বিশ্বাসযোগ্য হতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার পরবর্তী সংসদ নির্বাচনকে বাংলাদেশে গণতন্ত্র এবং সুশাসন জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত এবং বিশ্বাসযোগ্য নির্বাচন সমর্থন করে। যুক্তরাষ্ট্রের সমর্থন প্রক্রিয়ার প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি নয়।’

এতে আরও বলা হয়, ‘শুধু নির্বাচনের দিনের কার্যক্রমই নয়, সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার ওপরই আমাদের দৃষ্টি।’

ক্ষমতাসীন জোটের প্রতি সমর্থন থাকার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ না করলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৩ টি বাম রাজনৈতিক দল নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তত্ত্বাবধায়ক সরকার কাঠামোর ব্যাপারে বাংলাদেশের জনগণকে অবশ্যই সিদ্ধান্তে আসতে হবে।

নির্বাচন নিয়ে সৃষ্ট মতপার্থক্য দূর করতে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক সংলাপে বসার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু ওই আলোচনা অব্যাহত থাকা ছাড়া আর কিছু হয়নি বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়।