২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের শেষ মুহূর্তে সচিবালয়ে তদবিরকারীদের উপচে পড়া ভিড়

সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র একটি কার্যদিবস বাকি। এরপর ঈদের ছুটিতে সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

তাই বৃহস্পতিবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের দপ্তরে ছিল নেতাকর্মী ও তদবিরকারীদের ভিড়। অনেক কর্মকর্তা ও কর্মচারিকে আবার একদিনের অগ্রিম ছুটি নিয়ে বৃহস্পতিবারই ঢাকা ছাড়তে দেখা গেছে।

সচিবালয়ে সবচেয়ে বেশি ভিড় ছিল স্থানীয় সরকার, যোগাযোগ এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে দেখা মিললো মেহেরপুরের জনৈক আলী হোসেনের সাথে। তিনি জানান, তার নিজ এলাকার দুটি মসজিদে সরকারি অনুদানের জন্য দেখা করেছেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে। তার আবেদনটি গৃহিতও হয়েছে।

মন্ত্রীর সুপারিশ ও অনুমোদন পাওয়ায় আগামী রোববারই তিনি দুই মসজিদের জন্য এক লাখ টাকা পাবেন বলেও উল্লেখ করেন।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার কক্ষে বিসিএস পরীক্ষায় অংশ নেয়া দলীয় এক কর্মীকে একজন কর্মকর্তার সাথে পরামর্শ করতে দেখা গেছে। ২৭ তম বিসিএস পরীক্ষায় অংশ নেয়া ওই পরীক্ষার্থীটি এসেছেন মৌখিক পরীক্ষার আগেই মন্ত্রীর সুপারিশ পাওয়ার জন্য। কিন্তু তাকে ওই কর্মকর্তা জানালেন, লিখিত পরীক্ষার ফলাফলের মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার কাগজ না পেলে কোন সুপারিশ মন্ত্রীর দপ্তর থেকে করা হবে না।

এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সারি বেঁধে দাঁড়িয়ে মন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। কেউ কেউ হাসি মুখে মন্ত্রীর কক্ষ থেকে বেরোলেও অনেককেই আবার মন খারাপ করে বের হতে দেখা যায়।

একই অবস্থা ছিল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়েও। মন্ত্রী, উপমন্ত্রী বা সচিব, সবার কক্ষের সামনেই ছিল উপচে পড়া ভিড়।

সরকারের অন্য একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ে সকাল থেকেই ভিড় থাকলেও দুপুরের পর চিত্র বদলে যায়। দুপুরের পর থেকেই যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা তদবিরকারী বা দর্শণার্থীদের সাথে সাক্ষাত বন্ধ করে দেন। এ সময় তিনি সাংবাদিকদেরও কোন সময় দিতে রাজী হননি। অবশ্য অন্য এক সাংবাদিকের সাথে দেখা করার বিষয়টি পূর্ব নির্ধারিত থাকায় কথা বলার সুযোগ হয়।

এ সময় নাজমুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি অকপটে এর সত্যতা স্বীকার করে বলেন, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় মন্ত্রণালয় হলো যোগাযোগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্প ও দরপত্রের মাধ্যমে বিভিন্ন কাজ করায়। যার সাথে বিপুল পরিমাণ অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে। তাই এর মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিয়ে দলীয় পৃষ্ঠপোষকতার সুযোগ রয়েছে।

যে কোন সরকারই এসবের মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজ করে থাকে বলে মন্তব্য করে তিনি বলেন, এ কারণে এসব মন্ত্রণালয়ে ভিড় সব সময় থাকতেই পারে।