এবারের নির্বাচনেও কর খেলাপি, বিল খেলাপিরা অংশ নেবে
এবারের সংসদ নির্বাচনে কর খেলাপি ও বিল খেলাপিরা স্বচ্ছন্দে অংশ নিতে পারবেন। শুধু ঋণ খেলাপিরাই নির্বাচনে অংশ নিতে আইনি বাধার মুখে পড়বেন।
গত সংসদ নির্বাচনের পর থেকে এ পাঁচ বছরে কর খেলাপি ও বিল খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হচ্ছিল।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আব্দুর রশীদ সরকার রোববার সাংবাদিকদের রোববার সাফ জানিয়ে দিয়েছেন, বিদ্যমান আইনে আয়কর খেলাপি ও সরকারি বিল খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি জানান, একমাত্র আইন সংশোধন করেই কর খেলাপি ও বিল খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা যেতে পারে।
ইসি সচিব বলেন, খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের; নির্বাচন কমিশনের নয়। বিল খেলাপীদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট সরকারি দপ্তর ব্যবস্থা নেবে। তার মতে ঋণ ও বিল খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন দরকার।
সচিব আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচনকে স্বচ্ছ করতে এ ধরনের আইন আমাদের দেশেও করা দরকার। প্রতিবেশী দেশ ভারতে রাজনৈতিক দলগুলো এক সাথে সিদ্ধান্ত নেওয়ার ফলে সেখানে কর খেলাপী ও বিল খেলাপীদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা হয়েছে।’
প্রসঙ্গত, কর ন্যায় পাল খায়রুজ্জমান চৌধুরী সম্প্রতি বলেছেন, নির্বাচন কমিশন যেনো কর খেলাপী নির্বাচন প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তার দপ্তর কমিশনকে কর খেলাপিদের তালিকা সরবরাহ করতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
