প্রধানমন্ত্রী ৭দিনের সফরে সৌদি আরব রওনা হয়েছেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া শনিবার সন্ধ্যায় রাষ্টীয় সফরে সৌদি আরব রওনা হয়েছেন। সাপ্তাহিক এই সফরে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সউদ ও যুবরাজ সুলতান বিন আবদুল আজিরে সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। খালেদা জিয়া জেদ্দায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রমজান মাসের শেষ কয়েকদিন অর্থাৎ ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ওমরাহ এবং ইবাদত-বন্দেগি করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান, দুই পুত্রবধূ,নাতি-নাতনি ও কয়েকজন আত্বীয়-স্বজন ছাড়াও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন, সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও প্রধানমন্ত্রী মূখ সচিব ড. কামাল সিদ্দিকী রয়েছেন।
উল্লেখ্য, ২০০১ সালের ১০ অক্টোবর সরকার গঠনের পর থেকে প্রতিবছরই বেগম খালেদা জিয়া প্রতি রমজান মাসে ওমরাহ পালনে সৌদি আরর সফর করেছেন। এবারের সফর নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ৬ বার সৌদি আরব যান।
শনিবার সন্ধ্যায় জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে ভিভিআইপি টার্মিনালে মন্ত্রিসভার সদস্যবর্গ, তিন বাহিনীর প্রধানগণ ও সরকারি ও সামরিকবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী বেগম জিয়া বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরব যান। আগামী ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন।
ইতিমধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠপুত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেছেন। তারেকর সফরসঙ্গীর মধ্যে দলের বেশ কয়েকজন নবীন সাংসদ ও তার বন্ধু-বান্ধব রয়েছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সকলে এক সঙ্গে ওমরাহ পালন করবেন।
