২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের পরিচয়ে ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া শহরে বুধবার সকালে র‌্যাবের ও পুলিশ পরিচয়ে দুই মহিলার স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে মাইক্রোবাসে করে আসা একদল ছিনতাইকারী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

অভিনব এই ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রাণী সাহা ও সুনিতা রাণী সাহা জানান, প্রাতঃভ্রমণ শেষে বাসায় ফেরার পথে শহরের মৌড়াইল রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

তারা জানান, এ সময় মাইক্রোবাসে করে আসা একদল ছিনতাইকারী নিজেদের পুলিশ ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। সামনে ভ্রাম্যমান আদালত আছে- এই কথা বলে ছিনতাইকারীরা সন্ধ্যা রাণী ও সুনিতা রাণীর দুটি গলার চেইন, একটি আংটি ও তিনটি চুড়িসহ সাড়ে সাত ভরি ওজনের স্বর্ণালংকার তাদের হেফাজতে দেওয়ার অনুরোধ জানায়।

সন্ধ্যা রাণী ও সুনিতা রাণী ব্যাপারটি বুঝে ওঠার আগেই তারা মাইক্রোবাস চালিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে।

পরে পৌর চেয়ারম্যানের পরামর্শে দুই মহিলা থানায় গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোন জিডি কিংবা মামলা হয়নি।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল তরফদার জানান, ছিনতাইকারীরা ভ্রাম্যমান আদালতের কথা বলে ওই দুই মহিলার কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই করেছে। এ ব্যাপারে তারা তদন্ত করবেন বলে তিনি জানান।