২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নির্বাচনে না গেলে জিএম কাদেরও যাবেন না

আওয়ামী লীগ নির্বাচনে না গেলে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করবে না জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

রংপুর - ৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ জিএম কাদের বুধবার বিডিনিউজ২৪ডটকমের সাথে আলাপকালে বলেন, ‘যেহেতু একতরফা নির্বাচনে বিজয়ী সাংসদের জনগণ গ্রহণ করবে না, সেজন্যই আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে আমিও নির্বাচন করব না’।

জিএম কাদেরের বড় ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এর আগে বলেছিলেন, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলেও তার দল নির্বাচনে অংশ নেবে। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করলে জাতীয় সংসদে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এবং তিনিই হবেন সংসদে বিরোধী দলীয় নেতা।

তবে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করেছেন জিএম কাদের।

তিনি বলেন, ‘এমন কিছু নেতা আছেন যারা সব দল নির্বাচনে অংশ নিলে নির্বাচিত হতে পারবেন না। কিন্তু জাতীয় পার্টি একতরফা নির্বাচনে অংশ নিলে সরকারের আশীর্বাদপুষ্ট হয়ে ওইসব নেতারা বিজয়ী হতে পারবেন।’

ওই নেতারাই এরশাদকে বিরোধী দলীয় নেতা হওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বলে জিএম কাদের মন্তব্য করেন।

কাদের বলেন, আওয়ামী লীগের বয়কট করা নির্বাচনে অংশ নিলে জাতীয় পার্টি জনগণের আস্থা হারাবে।

তিনি বলেন, ‘সকল দল যদি আগামী সাধারণ নির্বাচনে অংশ নেয় তাহলেই আমি ওই নির্বাচনে অংশ নেব।’

এর আগে এরশাদ বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তার আগ্রহের কথা জানালে জিএম কাদেরও তার নেতৃত্বে শিগগিরই জাতীয় পার্টির একটি নতুন ফ্রন্ট গঠন করবেন বলে জানিয়েছিলেন।