বিচার বিভাগ পৃথক না করাসহ কিছু ব্যর্থতা মেনে নিলেন আইনমন্ত্রী
সরকারের শেষ মুহূর্তে এসে বিচার বিভাগ পৃথককরণ, সরকারি অ্যাটর্নি সার্ভিস ও মানবাধিকার কমিশন প্রতিষ্ঠাসহ বেশ কিছু বিষয়ে নিজ মন্ত্রণালয়ের ব্যর্থতা স্বীকার করলেন আইনমন্ত্রী মওদুদ আহমদ।
মঙ্গলবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, বিএনপির বেশ কয়েকটি নির্বাচনী প্রতিশ্র“তির পূরণ করতে পারিনি। মন্ত্রিসভা কমিটির অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করা যায়নি। তবে এসব ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনমন্ত্রী হিসেবে এ সরকারের আমলে এটাই শেষ সংবাদ সম্মেলন হিসেবে বর্ণনা করে মওদুদ পরবর্তী সরকারের আইনমন্ত্রীর প্রতি এসব অসম্পূর্ণ কাজ আগে শেষ করার আহ্বান জানান।
এ সময় আইন মন্ত্রী তার মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের সাফল্যের চিত্র তুলে ধরেন।
আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর, আইন সচিব ড. আলাউদ্দিন সরদারসহ অন্যান্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, বিচার বিভাগ পৃথক করার বিষয়টি অনেক দূর পর্যন্ত এগিয়েছে। এ সংক্রান্ত একটি বিল বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিতে বিবেচনাধীন রয়েছে। চারটি বিধিমালার মাধ্যমে বিচার বিভাগের লোকদের প্রশাসন থেকে আলাদা করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পৃথক করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। কিন্তু সময় না পাওয়ায় এটি পাস করা যায়নি।
বর্তমান সরকার আমলে প্রণীত দায়মুক্তি আইন ‘কালো আইন’ কি-না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার আমলে প্রণীত দায়মুক্তি আইন আর আগের ইনডেমনিটি অধ্যাদেশ এক নয়। বর্তমান সরকারের এ আইনের মাধ্যমে সামরিক বাহিনীর কিছু কর্মকর্তাকে সাধারণ আদালতে বিচারের দায় থেকে মুক্তি দেয়া হয়েছে। এমন আইন বিশ্বের অনেক দেশেই আছে। বর্তমান সরকার আমলে দেশে কোন কালো আইন প্রণীত হয়নি।
সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সসীমা নিয়ে সৃষ্ট বিতর্কের সমালোচনা করে তিনি বলেন, অভিজ্ঞ বিচারকদের সেবা নিতেই এ ব্যবস্থা নেওয়া হয়। নইলে ২০০৩ সালে বিচারপতির সংকট দেখা দিত। এখন বিচারপতি কেএম হাসানকে জড়িয়ে বিরোধী দল যেসব বক্তব্য দিচ্ছে, তা ঠিক নয়।
আইন মন্ত্রী জানান, বর্তমান সরকার আমলে জাতীয় সংসদে মোট ১৮৫টি আইন পাস করা হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিদের বিচারের জন্য প্রচলিত আইনই যথেষ্ট ছিল। তাই নতুন করে আইন প্রণয়ন বা সংস্কারের প্রয়োজন হয়নি।
