বাবর ও ৪৯ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করলেন বাহাউদ্দিন নাছিম
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ৪৯জন পুলিশ কর্মকর্তার নামোল্লেখসহ অজ্ঞাত দুই শতাধিক পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি এই মামলা দায়ের করেন।
হত্যার চেষ্টা এবং গুরুতর আঘাতের অভিযোগে দায়ের করা এই মামলার শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এবিএম আবুল ফাত্তাহ ঘটনাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২১ সেপ্টেম্বর ১৪ দল আহুত কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এতে তিনি গুরুতর আহত হন।
প্রসঙ্গত, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর বাহাউদ্দিন নাছিমকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে ব্যাপক নির্যাতন চালিয়েছিল। এ ঘটনায় নাছিম তখন পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং সেটি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। কিন্তু তারপর মামলাটি আর আলোর মুখ দেখেনি।
