বিরোধীদল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জটিলতা সৃষ্টি করছে: কাঞ্চন সেতু উদ্বোধনের পর জনসভায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার সংস্কার নিয়ে জটিলতা সৃষ্টি করে আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তারা জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।
কিন্তু দেশবাসী তাদের এসব ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না। এদিকে প্রধানমন্ত্রী রূপগঞ্জে ৭৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঞ্চন সেতুর উদ্বোধন এবং শীতলক্ষা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
শহরের খানপুর এলাকায় রোববার বিকেলে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী এবং গডফাদার সৃষ্টি করেছিল। জোট সরকার ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। তাই জনগণ এখন শান্তিতে বসবাস করছে।
তিনি বলেন, বিএনপি উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তির রাজনীতিতে বিশ্বাসী। জোট সরকারের শাসনামলে নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী নির্বাচনে জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, আমরা আবার ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সমস্যার সমাধান করবো। ইতিমধ্যে এ জন্য কয়েকটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আস্থা নাই বলে বিরোধী দল নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। তাই তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
স্থানীয় সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন সাংসদ গিয়াসউদ্দিন, আমিনুর ইসলাম প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী রূপগঞ্জে ৭৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঞ্চন সেতুর উদ্বোধন এবং শীতলক্ষা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
