২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যকে চাপ প্রয়োগের অভিযোগ: ইবির ছাত্রদল সভাপতিকে পদ থেকে অব্যাহতি দান

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে উপাচার্যকে চাপ প্রয়োগ করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য মো. মোমিনুর রহমান মোমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় সংগঠন থেকে তাকে অব্যাহতি দিয়ে ওই রাতেই এই সিদ্ধান্ত তাকে জানিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 08:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কারণে কেন্দ্রীয় সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলেও মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হককে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করায় উপাচার্যের অভিযোগের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে একাধিক সূত্র জানায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মো. মোমিনুর রহমান উপাচার্যের বাসায় যাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি নিয়োগ সংক্রান্ত দাবির কথা অস্বীকার করেন।

তিনি বলেন, ‘আমি গত পরশু (বৃহস্পতিবার) ব্যক্তিগত কাজে উপাচার্যের ঢাকার বাসায় গিয়েছিলাম। এ নিয়ে উপাচার্য কেন্দ্রে অভিযোগ করায় আমাকে অব্যাহতি দিয়ে কেন্দ্রে ডাকা হয়েছে’।

বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘উপাচার্য আমাকে জানিয়েছেন মোমিন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে তার ঢাকার বাসায় গিয়েছিল’।

এ ব্যাপারে উপাচার্যের সাথে মোবাইলে ও বাসার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, ‘আমি সভাপতিকে অব্যাহতি দেওয়ার বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’

এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সহ--সভাপতি জয়ন্ত কুমার কুণ্ডুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল বলেন, ‘মোমিন দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছে। এজন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

মোমিনের বিরুদ্ধে উপাচার্যকে চাপ প্রয়োগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ঘটনা মিলে যেতে পারে।’