২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ অব্যাহত রাখতে কেএম হাসানকে নিয়ে বিরোধের মীমাংসা আগে করতে হবে: জলিল

বিরোধী আওয়ামী লীগ শনিবার বলেছে, ক্ষমতাসীন বিএনপির সাথে সংলাপ অব্যাহত রাখতে বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা নিয়ে বিরোধের মীমাংসা আগে করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, ‘অন্যান্য বিষয়ে আলোচনার আগে বিচারপতি কেএম হাসানের বিষয়টি আগে নিষ্পত্তি করতে হবে। সংলাপের দ্বিতীয় দিনে আব্দুল মান্নান ভূঁইয়াকে আমি এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক শেষে  জলিল বলেন, আমাদের প্রধান দাবি মেনে নেয়া হলে অন্যান্য বিষয় নিয়ে আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি বলেন, ‘প্রধান দাবির ব্যাপারে ফয়সালা না হলে অন্যান্য দাবি নিয়ে আলোচনা হবে না।’

জলিল আরো জানান, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি সংলাপ চালিয়ে যাবে।

তিনি বলেন, সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব হবে বলে আমরা আশা করছি।

রোববার সন্ধ্যায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও জলিলের মধ্যে চলমান সংলাপ নিয়ে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগে শনিবার কার্যনির্বাহী সংসদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তিন ঘণ্টার বৈঠকে সংলাপ নিয়ে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এক প্রশ্নের জবাবে জলিল জানান, কার্যনির্বাহী সংসদকে তিনি চলমান সংলাপের ব্যাপারে অবহিত করেছেন।

জরুরি বৈঠকের শুরুতে সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।

(শেখ হাসিনার বক্তব্য এবং বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত খবর পড়–ন আলাদা প্রতিবেদনে।)