২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের সংলাপের ব্যাখ্যা দিলেন মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া সংলাপের দুই দিনের ফলাফল চার দলের মহাসচিবদের কাছে ব্যাখ্যা করছেন। শনিবার দুপুরে বেইলি রোডে স্থানীয় সরকারমন্ত্রীর সরকারি বাড়িতে চার দলের মহাসচিবদের বৈঠক হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 04:03 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

দেড় ঘন্টার বৈঠকের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাংবাদিকদের জানান, দুই দিনের সংলাপের অগ্রগতি মান্নান ভূঁইয়া সাহেব আমাদের ব্যাখ্যা করেছেন। ওই আলোচনা থেকে বুঝা যায় যে, সংস্কার প্রস্তাবের বেশির ভাগই বর্তমান সংবিধান ও নির্বাচনী আইনে রয়েছে। আমাদের মনে হয়েছে, আওয়ামী লীগ যেগুলো দেখে প্রস্তাব করলে প্রস্তাবের সংখ্যা কম হতো।

এক প্রশ্নের জবাবে মুজাহিদ সংলাপ নিয়ে আশাপ্রকাশ করে বলেন, সংবিধানের ভেতরে থেকে আগামী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। আওয়ামী লীগ একটি নির্বাচনী দল। আশা করি তারা নির্বাচনের জন্য মাঠে নামবে।

অপর এক প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, দুই দিনের সংলাপে কিছু কিছু প্রস্তাবে একমত হয়েছেন দুই নেতা। তবে এখনো প্রস্তাবগুলোর কোনটি প্রধান কিংবা কোনটি কম গুরুত্বপূর্ণ তা এখনো নির্ধারণ করা হয়নি।    

বৈঠকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতসহ ইসলামী ঐক্যজোটের দুই অংশ বর্তমান সংবিধানের বাইরে কোনো আপোষ ফর্মূলায় না যাওয়ার জন্য বিএনপি মহাসচিবকে পরামর্শ দিয়েছেন।  

মান্নান ভূঁইয়ার সভাতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নাজিউর রহমান মঞ্জুর এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) মহাসচিব সাইফুর রহমান, ডা. এম এ মতিনের নেতৃত্বাধীন বিজেপির অপর অংশের মহাসচিব এবিএম গোলাম মোস্তফা, মুফতি ফজলুুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী ও মওলানা ইমদাদুল হক আড়াইহাজারীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের অপর অংশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।