আলোচনা ব্যর্থ হলে জনগণ জবাব দেবে: শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চলামান সংলাপ প্রসঙ্গে হুশিয়ার উচ্চারণ করে বলেছেন, আলোচনার নামে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা জনগণ মেনে নেবে না।
তিনি পল্টন ময়দানে দেয়া ভাষণের পুনরুল্লেখ করে বলেন, আলোচনা ব্যর্থ হলে জনগণ জবাব দেবে। একইসাথে তিনি সবাইকে লগি--বৈঠা নিয়ে ঢাকায় চলে আসারও প্রস্তুতি নিতে বলেন।
তিনি সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করার জন্য দলীয় নেতা--কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহবান জানান। তবে তিনি আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান কামনা করে বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হবে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।
শুক্রবার বিকেলে ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী যুবলীগের নেতা--কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম।
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চায়ের দাওয়াত প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, সরকারের পক্ষ থেকে এ চায়ের দাওয়াতকে নিয়ে অনেক অপ্রীতিকর কথা বলেছে। তারা বলেছেন, এ দাওয়াতে গেলে তাদের ইজ্জত থাকে না। এমন ভাব, যেন বিএনপির কোনো মন্ত্রী--এমপি মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ডিনার করেননি বা পার্টিতে যাননি। যেদিন চায়ের দাওয়াত ছিল একই দিন বিএনপির মন্ত্রী--এমপিরা ইফতার পার্টিতে যোগ দেন। শেখ হাসিনা প্রশ্ন করেন, চায়ের দাওয়াতে ইফতার থাকে না, ইফতার খেলে সম্মান যায় না।
আন্তর্জাতিক শ্যুটার আসিফের ওপর পুলিশি নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এনএসসি (জাতীয় শ্যুটিং ক্লাব) ভবন উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, আন্তর্জাতিকভাবে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তাদের তিনি সম্মান করবেন। পুলিশি নির্যাতন কী সেই সম্মাননা?
এর আগে তিনি আসিফসহ পুলিশি নির্যাতনে আহত শ্যুটার ও ক্রীড়াবিদদের হাসপাতালে দেখতে যান।
