মাঠ প্রশাসনে আরো রদবদল
প্রশাসনের দুইজন কর্মকর্তার অবসর প্রস্তুতিকালীন ছুটি বাতিল করে তাদেরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া আরো পাঁচজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার এসব আদেশ জারী করা হয়।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ও প্রশিক্ষণ) আনোয়ারুল কবীর চৌধুরী এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ড. এম আসাদুজ্জামানকে তাদের নিজ পদে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে খাগড়াছড়ির লক্ষীছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজয় ভূষণ পালকে মুন্সিগঞ্জে, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব সিরাজুল ইসলামকে রাজশাহীতে, ফরিদপুরে মধুখালীর ইউএনও কেএম তরিকুল ইসলামকে টাঙ্গাইলের, সিনিয়র সহকারী সচিব এসএম মাসুদুর রহমানকে কক্সবাজারের এবং ভোলার চরফ্যাশনের ইউএনও সিরাজুল হককে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
