সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে পুরস্কারের জন্য মনোনীত ৩২ সাংসদের নাম ঘোষণা
জাতীয় সংসদের স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার বিভিন্ন মেয়াদে নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে পুরস্কারের জন্য মনোনীত ৩২ জনের নাম ঘোষণা করেছেন।
বুধবার অষ্টম জাতীয় সংসদের সমাপনী দিবসে নিজের সমাপনী বক্তব্যে স্পিকার ওই সাংসদের নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে এদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এতে সাধারণ সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ ১৫তম পর্যন্ত ২১ জন, প্রথম পর্যায়ে (৮৪ কার্যদিবস) নির্বাচিত নারী সদস্যদের মধ্যে তৃতীয় পর্যন্ত ছয়জন এবং দ্বিতীয় মেয়াদে (৭৫ কার্যদিবস) নির্বাচিত সদস্যদের মধ্যে তৃতীয় পাঁচজনকে মনোনীত করা হয়।
সাধারণ সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম প্রথম, সরকারি হুইপ রেজাউল বারী ডিনা দ্বিতীয় এবং বিএনপি সাংসদ প্রকৌশলী শামছউদ্দিন আহমদ তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হন।
এছাড়াও আইনমন্ত্রী মওদুদ আহমদ ও জামাত সাংসদ আব্দুস সুবহান চতুর্থ, জামাতের আবু সাঈদ শাহাদাত হুসাইন পঞ্চম, বিএনপির আব্দুল আলীম ষষ্ঠ, সামসুল আলম প্রামাণিক সপ্তম, সুলতান মাহমুদ বাবু অষ্টম, জামাতের শাহ রুহুল কুদ্দুস নবম, আব্দুল খালেক মণ্ডল দশম, জাতীয় পার্টির মতিউর রহমান ও জামাতের আব্দুল আজিজ একাদশতম, হুইপ জাহেদ আলী চৌধুরী দ্বাদশতম, বিএনপির গাজী শাহজাহান ও জামাতের রিয়াছাত আলী বিশ্বাস ত্রয়োদশতম, জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহম্মেদ ও জামাতের মিয়া গোলাম পরওয়ার চতুর্দশতম এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপির মঞ্জুর কাদের ও অধ্যাপক ইউনুস পঞ্চদশতম হয়েছেন।
প্রথম দফায় নির্বাচিত নারী সদস্যদের মধ্যে বিএনপির তাসমিন রানা ও হাসনে আরা গিয়াস ডেইজি যুগ্মভাবে প্রথম, রোকেয়া আহমেদ লাকী দ্বিতীয় এবং খালেদা পান্না, হেলেন জেরিন খান ও জামাতের সুলতানা রাজিয়া যুগ্মভাবে তৃতীয় হয়েছেন।
সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচনে বিরোধী দল অংশ না নেওয়ায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিতদের মধ্যে বিএনপির সাইমুন বেগম প্রথম, রাশেদা বেগম হীরা দ্বিতীয় এবং হালিমা নেওয়াজ আরলী, রেজিনা ইসলাম ও জাতীয় পার্টির নূর ই হাসনা চৌধুরী লিলি যুগ্মভাবে তৃতীয় হয়েছেন।
