২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ও আশঙ্কার মধ্য দিয়ে সংলাপ শুরু

আশা ও আশঙ্কার মধ্য দিয়ে বৃহষ্পতিবার সকালে শুরু হলো প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপ। সাড়ে এগারোটায় সংলাপে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই আলোচনাস্থলে চলে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল। মান্নান ভূঁইয়া এসেছেন একেবারে কাটায় কাটায় সাড়ে এগারোটায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এর আগে সংসদ ভবনের দোতলায় স্থায়ী কমিটির ১ নম্বর কক্ষে সংলাপের জায়গা নির্ধারিত হয়। দুই নেতা আসার আগেই সংসদ ভবনে দুই দলের অন্য নেতারা উপস্থিত হতে শুরু করেন। তবে আলোচনা হবে প্রধান দুই নেতার মধ্যেই।

পুরো দেশ এ সংলাপের সাফল্যের দিকে তাকিয়ে আছে বলে, সকাল থেকেই সাংবাদিকরা ভিড় করেছিলেন সংসদ ভবনে। দুপুর পৌণে বারোটা পর্যন্ত ফটোসাংবাদিকরা ওই কক্ষে থাকার সুযোগ পেয়েছেন। এরপর সবাইকে বের করে দিয়ে শুরু হয় শুধু দুইজনের সংলাপ।

বৃহষ্পতিবার সকালেও রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে সংলাপে বসতে রাজি হলেও বিচারপতি কে এম হাসানের বিষয়ে এখনো বিপরীত অবস্থানে অনমনীয় রয়েছে দুই প্রধান রাজনৈতিক দল।

দুই দলেরই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খোলা মনে সংলাপ শুরু করার কথা বললেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানকে সরাতে এখন পর্যন্ত  সংকল্পবদ্ধ আওয়ামী লীগ। অন্যদিকে বিচারপতি হাসানকে সরিয়ে দেওয়া মাঠপর্যায়ে আওয়ামী লীগের বিরাট বিজয় হিসেবে বিবেচিত হতে পারে-এ আশঙ্কা থেকেই হাসানের বিষয়ে অনমনীয় থাকছে বিএনপি।