২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ যেকোথাও হতে পারে, কিন্তু কোন কূটনীতিকের বাসায় নয়

স্থান নিয়ে বিতর্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যকার সংলাপের পথে বাধা হতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সংলাপের স্থান নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণীর মানুষ বিডিনিউজ২৪ডটকমের কাছে মঙ্গলবার বিকেলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একজন কূটনীতিকের বাসায় আলোচনার প্রস্তাব আমি কখনোই মানতে পারি না। নিরপেক্ষ কোনও স্থানে সংলাপ অনুষ্ঠানের ক্ষেত্রে বড় কোনো সমস্যা তো দেখছি না।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আলোচনার স্থানের চেয়ে আলোচনার বিষয়বস্তুই বেশি গুরুত্বপূর্ণ এবং নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ক্ষমতাসীন দলের প্রতিনিধিদের বেশি ছাড় দেওয়া উচিত।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মজিবুল হক বলেন, সংলাপের ক্ষেত্রে স্থান নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়। সংসদ ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা অথবা তৃতীয় পক্ষ কোন বাংলাদেশির বাসভবনেও সংলাপ হতে পারে। কিন্তু কোনও কূটনীতিকের বাসায় নয়।

তিনি বলেন, উভয় পক্ষেরই তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের মতো সুনির্দিষ্ট বিষয়ে সংলাপে উদার মনোভাব দেখানো উচিত।

র‌্যাংগস লিমিটেডের মার্কেটিং বিভাগের উপব্যবস্থাপক জাহেদুল হুদা বলেন, আমি এটা জেনে খুবই অবাক হয়েছি। এতো স্থান থাকতে কিছু রাজনীতিবিদ কিভাবে সংলাপের স্থান হিসেবে মার্কিন রাষ্ট্রদূতের বাসার কথা বলেন।

তিনি মনে করেন, উভয় দলেরই বিদেশি হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে চলা এবং সংলাপের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখানো উচিত।

তেজকুনি পাড়ার একটি গাড়ি বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক ফরিদউদ্দিন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বাসা সংলাপের স্থান হতে পারে না। একটি নিরপেক্ষ স্থানেই সংলাপ হওয়া উচিত।

ট্যাক্সিচালক মো. জাকির হোসেন বলেন, দুই নেতা আসলেই সংলাপ এবং সংস্কার নিয়ে আলোচনা করতে চান কি না সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। তারা আন্তরিক হলে স্থান কোনই বাধা হতে পারে না।

গৃহবধূ মনিরা কবির বলেন, সংলাপ যেকোনো স্থানে হতে পারে, কিন্তু  আলোচনার ব্যাপারে তারা আন্তরিক কি নাÑ সেটাই প্রশ্ন। আমার বিশ্বাস, দুই দলের মহাসচিবের মতামত ও প্রস্তাব একটা নাটক।