‘অকার্যকর’ সংসদের জন্য স্পিকারই দায়ী: আওয়ামী লীগ
অষ্টম জাতীয় সংসদের সর্বশেষ কার্যদিবস বুধবার অতিবাহিত হতে যাচ্ছে। এ অবস্থায় সংসদকে ‘অকার্যকর’ করে রাখার জন্য স্পিকারের ‘পক্ষপাতমূলক’ ভূমিকাকে দায়ী করেছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ।
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ স্পিকার’ হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের সাংসদরা মঙ্গলবার বলেন, বিএনপির সাংসদ মির্জা গোলাম হাফিজ এবং শেখ রাজ্জাক আলী স্পিকার থাকাকালে আওয়ামী লীগ সংসদে কথা বলতে পারতো।
স্পিকারের ‘পক্ষপাতিত্বে’র কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, ইসলামি জঙ্গি, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচিত হয়নি।
জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার আওয়ামী লীগ এসব অভিযোগ তোলে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম এবং বিরোধী দলীয় চীফ হুইপ আব্দুস শহীদ স্পিকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।
তবে আওয়ামী লীগের সাংসদরা তাদের দীর্ঘ দুটি সংসদ বর্জন কর্মসূচি সম্পর্কে কোনকিছু বলেননি।
এদিকে জমিরউদ্দিন সরকার আওয়ামী লীগের অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে ‘নিরপেক্ষ’ বলে দাবি করেন।
বর্তমান সংসদের কার্যদিবস ২০০১ সালের ২৮ অক্টোবর শুরু হলেও আওয়ামী লীগের সাংসদরা ২০০২ সালের ২৪ জুন অষ্টম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে যোগ দেন। ২০০৩ সালের ২৫ জুন থেকে আওয়ামী লীগ সংসদ বর্জন কর্মসূচি শুরু করে। পরে তারা নিজেদের সদস্য পদ রক্ষায় ২০০৪ সালের ১২ মে সংসদে যোগ দেন। পরে আবার ২০০৫ সালের ৩১ জানুয়ারি সংসদ বর্জন করেন এবং ২০০৬ সালের ১২ ফেব্র“য়ারি তারা আবার সংসদে যোগ দেন। সংবিধান অনুযায়ী কোনও সাংসদ স্পিকারের লিখিত অনুমতি ছাড়া পরপর ৯০ কার্যদিবস জাতীয় সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়।
আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা রাখার মাধ্যমে সংসদকে কার্যকর করে তোলার চেষ্টা করেছে। কিন্তু জাতীয় সংসদকে একটি ‘দলীয় সংগঠনে’ পরিণত করার মাধ্যমে সরকার ও স্পিকার তাদের সে সুযোগ দেননি বলে আব্দুল জলিল অভিযোগ করেন।
স্পিকারকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ হিসেবে অভিহিত করে মোহাম্মদ নাসিম বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, ইসলামি জঙ্গি, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা নিয়ে সংসদে আলোচনার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্পিকার সবসময় সরকারের পক্ষ নিয়েছেন।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগের সাংসদরা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য কয়েক শ নোটিশ দিয়েছেন। কিন্তু স্পিকার সেগুলো এড়িয়ে গেছেন। এর ফলে সংসদ জনগণের আশা ও আকাক্সক্ষা পূরণ করতে পারেনি তিনি অভিযোগ করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, ইসলামি জঙ্গি, শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং কিবরিয়া হত্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনার জন্য চলমান ২৩তম অধিবেশনে আওয়ামী লীগ একাই ১৫২টি নোটিশ দিয়েছে। সবগুলো নোটিশই মুলতবি প্রস্তাব হিসেবে এসেছে। কিন্তু স্পিকার রোববার সবগুলো নোটিশ বাতিল করে দেন।
