২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ হচ্ছে, তবে এখনো সময় ও জায়গা ঠিক হয়নি

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংলাপের জায়গা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও অনিশ্চয়তা অনেকটা কেটে গেলেও এটা স্পষ্ট হয়ে উঠেছে যে সংলাপের প্রক্রিয়াটি মসৃণ হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মঙ্গলবার দুপুরেই  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের প্রস্তাব অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সংলাপ নিয়ে আলোচনার প্রস্তাব বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বাতিল করে দেন। তিনি এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে সংলাপ নিয়ে ‘ব্ল্যাকমেইলিং’ এর অভিযোগ আনেন। এর আগে মান্নান ভূঁইয়া জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংলাপের আয়োজন করা হয়েছে। আবদুল জলিল, সময় ও জায়গা নিয়ে জনাব ভূঁইয়ার প্রস্তাব মানেননি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল মঙ্গলবার  দুপুরে জানিয়েছেন, শিগগিরই সংলাপ হবে। তবে তা রাষ্ট্রীয় অতিথি ভবন নয়, জাতীয় সংসদ ভবনে। মান্নান ভূঁইয়া সাহেবকে টেলিফোন করে আমি তা ঠিক করব।

অন্যদিকে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘দেশের মানুষ সংলাপ চায়। তারা কোনো অনিশ্চয়তা চায় না। তাই প্রয়োজনে আমি আবার জলিল সাহেবকে টেলিফোন করব সংলাপে বসতে। তবে কোনো দূতাবাসে নয়, অন্য যেকোনো স্থানে সংলাপে বসতে আমি সবসময়ই প্রস্তুত।’

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটিনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বারিধারার দূতাবাসে মঙ্গলবার রাত ৮টায় চা খাওয়ার আমন্ত্রণ জানালে সৃষ্টি হয়েছিল জটিলতা। সংলাপের সম্ভাবনাও এসময় অন্ধকারে ঢাকা পড়ে যায়। রাতের ওই চা খাওয়ার আমন্ত্রনে আবদুল জলিল যোগ দিলেও বিএনপি মহাসচিব যোগ দিতে পারবেন না বলে সকালেই রাষ্ট্রদূতকে জানিয়ে দেন। ফলে সংলাপ নিয়ে গত ২৪ ঘন্টায় ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছিল। 

সাংবাদিকদের মান্নান ভূঁইয়াঃ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বেইলি রোড়ের স্থানীয় সরকারমন্ত্রীর সরকারি বাড়িতে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সংলাপ জটিলতা সৃষ্টির জন্য আওয়ামী লীগ দায়ী । তিনি বলেন, ‘তারা সংলাপে নেই। মার্কিন দূতাবাসে দাওয়াতে যাওয়ার কথা বলে তারা আমাদের ব্ল্যাকমেইল করতে চায়। তারা মনে করেছে যে, ওই দূতাবাসের আমন্ত্রণ গ্রহণ না করলে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হবে। ’

মান্নান ভূঁইয়া জোর দিয়ে বলেন, ‘দূতাবাস ছাড়া যেকোনা জায়গায় আমরা সংলাপের জন্য সবসময় প্রস্তুত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আবারো সংলাপে বসার আহবান জানিয়ে বলেন, সংলাপ করতে হলে আওয়ামী লীগকে খোলা মন নিয়ে সংলাপে বসতে হবে।

‘আজ (মঙ্গলবার) সকাল ১০টায় মার্কিন রাষ্ট্রদূতকে আমি জানিয়ে দিয়েছি যে, চায়ের দাওয়াতে আমার অসুবিধা নেই, কিন্তু সংলাপ করতে সেখানে যেতে আমার আপত্তি আছে। আমি দুঃখিত যে আপনার দাওয়াত গ্রহণ করতে পারছি না।’ মান্নান ভূইয়া সাংবাদিকদের জানান।

এসময় মান্নান ভূঁইয়ার সঙ্গে দলের যুগ্ম মহাসচিব মংস্য ও পশুপালন মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, নজরুল ইসলাম খান, বরকত উল্লাহ বুলু, দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও মহানগর সাধারণ সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

আবদুল জলিলের সংবাদ সম্মেলনঃ  দিলকুশায় দুপুর ২টায় মার্কেটাইল ব্যাংকে ১৪ দলের বৈঠকে পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, ‘সংলাপের প্রস্তাব এখনো আছে। সংলাপের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণের কোনো সর্ম্পক নেই। তিনি বিএনপি মহাসচিবের অভিযোগ খণ্ডন করে বলেন, আমরা সংলাপ চাই। মান্নান ভূঁইয়া সাহেব সংলাপের স্থান হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে প্রস্তাব দিয়েছিলেন, তাতে আমরা রাজি হইনি। তবে আমরা আগেও সংসদ ভবনে কথা বলেছিলাম, এখনো সেই অবস্থানে আছি। তিনি জানান, ১৪ দলের বৈঠকে জাতীয় সংসদভবনে সংলাপ অনুষ্ঠানের জায়গা হিসেবে অনুমোদন করা হয়েছে।

সংলাপের ভবিষ্যৎ ভেস্তে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে অপেক্ষা করার অনুরোধ জানান।

এর আগে ১৪ দলের বৈঠকে সংলাপ ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে আবদুল জলিল ছাড়াও অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, গণফোরামের পংকজ ভট্টাচার্য পমুখ উপস্থিত ছিলেন।