অনিশ্চয়তার মুখে সংলাপ
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মধ্যে সংলাপ অনিশ্চিত হয়ে পড়েছে।
জলিল সংস্কার বিষয়ে বহুল প্রতীক্ষিত সংলাপের আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকের প্রস্তাব দেন। এতে সংলাপের বিষয়টি অনির্শ্চিত হয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
সোমবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এক বৈঠক শেষে জলিল মান্নান ভূঁইয়াকে রাত ১১টায় টেলিফোন করেন এবং মঙ্গলবার রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা-চক্রে তাকে যোগদানের আহ্বান জানান বলে বিএনপি সূত্রে বলা হয়েছে।
বিএনপির সূত্রগুলো বলছে মান্নান ভুঁইয়া মার্কিন রাষ্ট্রদূতের বাড়িতে যেতে তাঁর অনিচ্ছার কথা জলিলকে জানিয়েছেন। সূত্রগুলো জলিলের বরাত দিয়ে বলছে, বিউটেনিসের বাড়িতে বসে সংলাপের দিনক্ষন নির্ধারনের প্রস্তাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এর আগে প্রেসিডিয়ামের বৈঠক শেষে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা-চক্রে যেতে সম্মত হয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যখন প্রেসিডিয়ামের সভা করছিলাম, তখন মার্কিন রাষ্ট্রদূত আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে আগামীকাল (মঙ্গলবার) রাত ৮টায় তার বাসায় চায়ের দাওয়াত দিয়েছেন। মান্নান ভূঁইয়া যদি সংলাপ চান, তবে তিনিও ওই চায়ের দাওয়াতে আসতে পারেন।’
অন্যদিকে বিএনপি মহাসচিব মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা সোমবার রাতে বিডিনিউজ২৪.কমকে জানান, ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বৈঠকের অনিশ্চয়তার বিষয়ে নিজ দলের অবস্থান ব্যাখ্যা করবেন।
মান্নান ভূঁইয়া রোববার বিরোধী দলের সঙ্গে সংলাপের জন্য মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জলিল সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, সংলাপের স্থান ও সময় এখনো চূড়ান্ত হয়নি। মতিঝিলে নিজ কার্যালয়ে জলিল আরো জানান, সোমবার সকাল সাড়ে দশটায় টেলিফোন করে মান্নান ভুঁইয়া তাকে সংলাপের সম্ভাব্য জায়গা ও সময়ের কথা বলেন।
জলিল জানান, মঙ্গলবার সকালে তার ভোলা সফরে যাওয়ার কথা। তবে মঙ্গলবারে সংলাপের বিষয়ে একমত হলে সেই সফর স্থগিত করা যেতে পারে।
প্রধান দুই রাজনৈতিক দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছিলেন মান্নান ভুঁইয়া । আবদুল জলিল দাবি করলেন, জায়গা ও সময়ের বিষয়টি এখনও আওয়ামী লীগ চূড়ান্ত করেনি।
আবদুল জলিল অবশ্য বলেছেন, সংলাপ যত শিগগির হয় ততই মঙ্গল।
এদিকে চারদলের মহাসচিবদের বৈঠকের পর বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, আলোচনার জন্য বিএনপি প্রস্তুত। আওয়ামী লীগ চাইলে মঙ্গলবার বা যেকোনো সময় এ আলোচনা হতে পারে।
