২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির পোস্টার, ব্যানার ছেঁড়ার অভিযোগে সিসিসি’র তীব্র সমালোচনা করেছেন নোমান

বিএনপির আসন্ন চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার জন্যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার সিটি কর্পোরেশনের কঠোর সমালোচনা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সমাবেশের প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে সিটি মেয়রের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

মহাসমাবেশের প্রধান সমন্বয়ক আবদুল্লাহ আল নোমান বলেন, রাজনৈতিকভাবে বিষয়টি না নিয়ে আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি।

২ ফেব্রুয়ারি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে।

তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। কেননা মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচির ক্ষেত্রে কর্পোরেশনের উচ্চ পর্যায় থেকে সকল ধরনের সহযোগিতা করার নির্দেশ ছিল।

সিটি কর্পোরেশনের প্রধান কনজারভেন্সি কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ কাতেবী বলেন, আমাদের কর্মীরা দেয়াল পরিস্কার করে ব্যানারগুলো যথাস্থানে স্থাপন করে দিয়েছে।

তবে চট্রগ্রাম বিএনপির নোমান ও মীর নাছির গ্রুপের মধ্যে অন্তর্কোন্দলে এসব পোস্টার ও ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছে বলে দলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়।