২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল বিহীন সংসদের বৈঠকে সরকার দলীয় সাংসদদের বিষোদগার

বিরোধী দল বিহীন জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার নামে সরকার দলীয় সাংসদরা বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগার করছেন। তারা বিরোধী দলের সাম্প্রতিক সকল ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

কোরাম পূরণ না হওয়ায় সোমবারও সংসদের তৃতীয় দিনের বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর বিকেল পৌনে ৫টায়। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।

বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব ও বাতিল নোটিশের নিষ্পত্তি শেষে ডেপুটি স্পিকার ৭১ বিধিতে আনা তিনটি নোটিশের নিষ্পত্তি করেন। নোটিশের ওপর আলোচনায় কয়েকজন নোটিশদাতা সাংসদ অনুপস্থিত ছিলেন।

এতে ডেপুটি স্পিকার ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থিত থাকতে না পারলে কোনো সদস্যকে নোটিশ না দেওয়ার জন্যে রুলিং দেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিল, ২০০৬’ সংসদে উপস্থাপন করেন।

পরে রাষ্ট্রপতির ভাষণের জন্যে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন বিএনপির নূরুল ইসলাম মনি, মেজর (অব.) মঞ্জুর কাদের, শাহরিয়া আকতার হোসেন, নেওয়াজ হালিমা আরলী ও জামায়াতে ইসলামীর ডা. আমেনা বেগম।

আলোচকরা রাষ্ট্রপতির ভাষণের ভূয়সী প্রশংসার পাশাপাশি বিরোধী দলের বিরুদ্ধে বিষোদগার করেন।

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আবারো বসবে।