২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা প্রণয়নের ৩০দিনেও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তালিকাভুক্ত হননি

ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হওয়ার ৩০ দিনেও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তালিকাভুক্ত হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ক্যান্টনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজকে বলেন, তথ্য সংগ্রহের সকল কাগজপত্র দেওয়া হয়েছে। কিন্তু সোমবার পর্যন্ত তিনি ভোটার হননি। তবে আশা করছি, আগামী কাল তিনি তথ্য ফরম পূরণ করবেন।

বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাও  সোমবার পর্যন্ত ভোটার তথ্য ফরম পূরণ করেননি।

ঢাকা-- ৩--এর জেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আলম জানান, বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার বাসায় কয়েকবার যাওয়ার পরও তিনি ভোটার হননি।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, ভোটার তালিকা বিষয়ে হাইকোর্টের রায়ের কারণে তিনি ভোটার তথ্য ফরম পূরণ করছেন না। ওই রায়ের বাস্তবায়ন হওয়া উচিত। 

অবশ্য কর্মকর্তা বলেন, তথ্য সংগ্রহের ফরম ৩১ জানুয়ারির পরও পূরণ করা যাবে।

সূূত্র জানায়, ভিভিআইপি ভোটারদের অসহযোগিতার কারণেই তথ্য সংগ্রহকারীরা তাদের তালিকাভুক্ত করতে পারছেন না।

নির্বাচন কর্মকর্তা শামসুল আলম জানান, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে চিঠি দিয়েছেন। কিন্তু সে চিঠির উত্তর এখনও আসেনি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ক্যান্টনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন চিঠি দিয়েছেন। এবং উত্তরের অপেক্ষায় রয়েছেন।

শেখ হাসিনার সঙ্গে কাকলী স্কুলের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ (সহকারী রেজিস্ট্রেশন অফিসার) যোগাযোগ করেও তার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি।

তথ্য সংগ্রহকারীরা বলছেন, ভোটার তালিকা বিষয়ক রায়ের জটিলতার কারণেই ভিভিআইপিরা তথ্য সংগ্রহ ফরম পূরণ করছেন না।

জানুয়ারির ১ তারিখ ভোটার তালিকার কাজ শুরু হয়। ৪ জানুয়ারি হাইকার্টের রায়ের কারণে এ তালিকা তৈরিতে জটিলতা দেখা দেয়।