২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্যবৃদ্ধি: সংসদে দলীয় সাংসদদের তোপের মুখে অর্থ প্রতিমন্ত্রী

অর্থমন্ত্রীর বক্তব্যের ফলে দেশব্যাপী কৃত্রিম জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে রোববার অর্থ প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসেইন দলীয় সাংসদদের তোপের মুখে পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পাঁচদিন বিরতির পর রোববার জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সাংসদ আব্দুল মোত্তালেব আকন্দ তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, বিশ্ববাজারে দাম বাড়ার আগেই দেশে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। অথচ কৃষিক্ষেত্রে উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি দেশে আনা হয় না। বিরোধী দল এর সুযোগ নিচ্ছে। এসবের শিকার হচ্ছে সরকারি দল ও সাধারণ কৃষক।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ২৫ ডলার ব্যারেলের তেল বর্তমানে ৭০ ডলারে কিনতে হয়। ফলে সরকার কম দামে তেল বিক্রি করতে পারছে না। তবে সরকার তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিএনপি সাংসদ রোস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা সবকিছুই মজুদের চেষ্টা করে। তেলের ব্যাপারে যাতে কোনও সংকট সৃষ্টি না হয়, সে জন্য সরকার পরিস্থিতি মনিটরিং করছে।

প্রতিমন্ত্রী জানান, আপাতত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।