২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট আমাদের বিরুদ্ধে জঙ্গিদের আরও ভয়াবহভাবে ব্যবহার করবে: কিবরিয়া স্মরণ সভায় শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ড এবং গ্রেনেড-বোমা হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি পুনর্ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এসময় শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট আমাদের বিরুদ্ধে জঙ্গিদের আরও ভয়াবহভাবে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উচ্চ মহলের ইশারায় তার মত গুণী মানুষকে হত্যা করা হয়। তাই এই খুনি সরকারের কাছে নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার আশা করা যায় না।

শেখ হাসিনা বলেন, অত্যাচারী জোট সরকারের পতন ঘটিয়ে বাংলার মাটিতে কিবরিয়া হত্যার বিচার করা হবে।

উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের সঙ্গে জোট সরকার প্রত্যক্ষভাবে জড়িত-এ অভিযোগ করে তিনি বলেন, জঙ্গিদের পরিচালনার সুইচ সরকারের হাতেই। রেড বাটন, গ্রীণ বাটন টিপে সরকার তাদের পরিচালনা করছে। পরিকল্পনা করে তারা আওয়ামী লীগ নেতা-কর্মীসহ নিরীহ মানুষকে হত্যা করছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি’র চরিত্র পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা। শুধু লুটপাট ও ভোগ-বিলাস করতেই তারা অস্ত্র হাতে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে। দেশের অর্থ-সম্পদ লুটপাট করে নিজেদের আখের গোছাচ্ছে তারা। আর জনগণের ওপর ট্যাক্স ভ্যাট বসিয়ে সাধারণ মানুষের পকেট খালি করছে। অন্যদিকে বৈদেশিক ঋণ নিয়ে নিজেরা লুটপাট করে খাচ্ছে। আর বাংলাদেশকে করছে ঋণগ্রস্ত। 

তিনি বলেন, দেশে কারও জীবনের নিরাপত্তা নেই। আপনজন হারিয়ে বুকে ব্যথা নিয়ে দিন কাটাতে হচ্ছে নিরাপরাধ পরিবারগুলোকে। প্রতিটি ক্ষেত্রে জোটের প্রতিহিংসামূলক আঘাতের চিহ্ন। তাই বিএনপি--জামাত জোটের দুঃশাসনে অতীষ্ঠ মানুষ মুক্তি চায়। এই অসহনীয় অবস্থার অবসান চায়।

শেখ হাসিনা তার বক্তব্যে শাহ্ এএমএস কিবরিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও কূটনৈতিক জীবনের কথা তুলে ধরে বলেন, তার অভাব পূরণ হওয়ার নয়। 

শাহ্ এএমএস কিবরিয়ার পত্নী আসমা কিবরিয়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, সাবেক রাষ্ট্রদূত ফারুক চৌধুরী, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং ন্যাপের কেন্দ্রীয় নেতা এমএ গনি স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান নূর এমপি।

সভার শুরুতে কিবরিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।