২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাবো কী না সে সিদ্ধান্ত হবে সংসদীয় দলের সভায়: রোকার মন্তব্যে হামিদ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদে যোগ দেবে কি না এ বিষয়ে দলের সংসদীয় কমিটির (এএলপিপি) সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৫ মার্চ আওয়ামী লীগসহ ১৪ দলের ঢাকা লংমার্চ কর্মসূচির পর এই সভা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

জাতীয় সংসদে বিরোধী দলের অংশগ্রহণ ও কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে ঢাকা সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনা রোকার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট বিডিনিউজকে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সংসদে যেতে চাই। কার্যকর ভুমিকা রাখতে চাই। কিন্তু সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না।

আব্দুল হামিদ বলেন, ক্রিস্টিনা রোকা ঠিক কী বলেছেন, তা আমি জানি না। তিনি বিরোধী দলকে সংসদে যোগদানের বিষয়টিও ওপর গুরুত্ব দিয়েছেন তার নিজ দেশের অভিজ্ঞতার আলোকে। তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তথা জোট সরকারের কার্যক্রম ও ভূমিকার বিষয়টি বিবেচ্য হওয়া উচিৎ।

তিনি বলেন, এর পরেও সংসদে যোগ দেব কী না তা সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনেই আমরা সিদ্ধান্ত নেব।