২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনজীবীদের বঙ্গভবন ঘেরাওয়ের হুশিয়ারি

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) নেতৃবৃন্দ বলেছেন, রাষ্ট্রপতি তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার পদত্যাগের দাবিতে আইনজীবীরা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ‘বিতর্কিত’ নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও এসএম জাকারিয়ার অপসারণের দাবিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত সাপ্তাহিক মানববন্ধন কর্মসূচি শেষে অনুষ্ঠিত এসএএসপি’র সমাবেশে তারা এ কথা ঘোষণা করেন।

সমাবেশে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বলেন, রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে সংবিধান রক্ষা ও সমুন্নত রাখার দায়িত্ব পালন করতে হবে। রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় কাজ করবেন এটা কেউই আশা করে না। রাষ্ট্রপতি যদি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে আইনজীবীরা দেশবাসীকে সাথে নিয়ে বঙ্গভবন ঘেরাও করবে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করে এনায়েতুর রহিম বলেন, বিচারপতি এম এ আজিজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে শারীরিকভাবে অক্ষম।

বিচারপতি আজিজকে উদ্দেশ্য করে এনায়েতুর রহিম বলেন, অবিলম্বে আপনার অসুস্থতা নাটক বন্ধ করুন, তা না হলে প্রকৃতই যখন অসুস্থ হবেন সে সময় ডাক্তার, নার্স বা কোনও ওষুধ পাবেন না। অপনার অসুস্থতা নাটকের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, দেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীকে ইমপিচ করার ব্যাপারে গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটার তালিকা প্রণয়ন সম্পর্কিত হাইকোর্টের রায় মেনে চলার স্বার্থে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন।

নির্বাচন কমিশন কোনও গোপন প্রতিষ্ঠান নয়। নির্বাচন কমিশনের কর্মকাণ্ড সর্ম্পকে জনগণের জানার অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইনজীবীরা আরও বলেন, নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে রাষ্ট্রপতি বিতর্কিত ব্যক্তিতে পরিণত হবেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট এসএম এ সবুর প্রমুখ।