সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে : আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দুর্নীতিবাজ জোট সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন (ইসি) সংস্কার করে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে। সংস্কার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর কারবালা উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল জলিল বলেন, জোট সরকার দলীয় লোকদের নিয়োগ করে বিচার বিভাগকে ধ্বংস করেছে। প্রশাসনকে দলীয় ক্যাডারে পরিণত করেছে। দুর্র্নীতি দমন কমিশন গঠন হয়েছে, কিন্তু এর কাজ নেই, দায় দায়িত্বও নেই। অথচ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবার দুর্নীতি করে জনগনের বিশাল অর্থ সম্পদের পাহাড় গড়েছে। এর হিসাব জনগনকে দিতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা খায়রুজ্জামান লিটন ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পুলিশের গুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া সোয়া ৪ বছরে অনেক শাড়ী গহনা বদলিয়েছেন। কিন্তু বিদ্যুতের কোন উন্নয়ন করতে পরেননি। বিদ্যুৎ চাইতে গিয়ে সাধারণ মানুষ ও কৃষককে গুলি করে হত্যা করেছে তারা।
সৈয়দ জাফর সাজ্জাদ বলেন, চলমান আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করে ঐকবদ্ধ নির্বাচন আদায় করবো এবং ২৩ দফার ভিত্তিতে সরকারও পরিচালনা করবো।
