২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী

নির্বাচন কমিশনার (ইসি) একে মোহাম্মদ আলী তার বিরুদ্ধে আনা শপথ ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তিনি সাংবাদিকদের বলেন, শপথ ভঙ্গ করার মতো কিছু আমি বলিনি। গণমাধ্যমে স্বচ্ছতার সঙ্গেই কথা বলেছি।

নির্বাচন কমিশন জনগণের প্রতিষ্ঠান। জনগণের ভোটাধিকারের স্বার্থে এখানে গোপনীয়তার কিছু নেই। গোপনীয়তা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। তারা দেশের স্বার্থে গোপনীয়তা রক্ষা করে।

নির্বাচন কমিশনার একে মোহাম্মদ আলী  আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে পুরো জাতি নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে।

সূত্র জানায়, মোহাম্মদ আলীর বিরুদ্ধে শপথ ভঙ্গের বেনামী অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পরামর্শ দেন। রাষ্ট্রপতি নির্দেশ দিলেই প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠন করা হবে। 

অভিযোগে বলা হয়, নতুন ভোটার তালিকা তৈরি নিয়ে ৬ আগস্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি নোট অব ডিসেন্ট দেন। এতে গোটা কমিশনকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ভোটার তালিকা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে দায়ের করা এক রিট আবেদনেও ওই নোট অব ডিসেন্ট’র বিষয়টি উল্লেখ করা হয়।

কমিশন সূত্র জানায়, ভোটার তালিকা বিষয়ে মত ভিন্নতার কারণে ৬ আগস্টের পর থেকে পুরোনো দুই কমিশনার মুন্সেফ আলী ও মোহাম্মদ আলীকে অফিসিয়াল সুযোগ--সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের অফিসিয়াল স্টাফ প্রত্যাহার করা হয়েছে, আপ্যায়ন ভাতা বন্ধ রয়েছে পাঁচ মাস ধরে, তাদের ফ্যাক্স, ফটোকপি মেশিন বিকল হয়ে রয়েছে ছয় মাস, এমনকি তাদের চিকিৎসা ভাতাও বন্ধ করা হয়েছে পাঁচ মাস আগে।