নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে, জনগণ পেছনের দরজা দিয়ে আসতে দেবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এবং নির্বাচন বয়কটের পায়তারা করে আবোল তাবোল বকছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে তাদের নির্বাচন করেই আসতে হবে। জনগণ কোনো পেছনের দরজা দিয়ে কাউকে আসতে দেবে না।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ধর্মের নামে যারা বোমাবাজি করে, তারা দেশ, গণতন্ত্র এবং ধর্মের শত্র“। এদের ধরিয়ে দেওয়ার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধর্মপ্রাণ মুসলমান বোমা মেরে মানুষ হত্যা করতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থাকলেও কোনো উন্নয়ন করতে পারেনি। তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত। আর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
বেগম জিয়া বলেন, দেশে বর্তমানে দুটি ধারার রাজনীতি চলছে। একটি হচ্ছে উন্নয়ন, উৎপাদন আর দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার রাজনীতি। অন্যটি হচ্ছে দেশে অশান্তি আর বিশৃংখলা সৃষ্টির রাজনীতি। চারদলীয় জোট উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু বিরোধী দল উন্নয়নের রাজনীতিকে নস্যাত করার জন্যে বিশৃংখলা সৃষ্টি করছে। এই বিরোধী দল কথায় কথায় হরতাল, বিশৃংখলা, অবরোধ, ঘেরাও করে আমাদের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু আমরা উন্নয়নের যে রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি, তা বাস্তবায়িত হলে বাংলাদেশের চেহারা বদলে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, আজ ২৫ জানুয়ারি। এ দিনটি হলো গণতন্ত্র হত্যা দিবস। বাংলাদেশের মানুষের কাছে এ দিনটি কালো দিবস হিসেবে চিহ্নিত। এ দিনেই সংবাদপ্রত্র বন্ধ করে দিয়ে সাংবাদিকদের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে তিনটি নির্বাচন হয়েছে। সবাই বলেছে, এ নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সুন্দর এবং এর মাধ্যমেই অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব। তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দেশবাসী আগামী নির্বাচনে অংশ নিয়ে এই ষড়যন্ত্র নস্যাত করে দেবে।
প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২০০ শয্যায় উন্নীত এবং একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী ২৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় কমপ্লেক্স, ৪ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রিমডেলিং কাজ, ১১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি স্তম্ভ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
জেলা বিএনপির সভাপতি ও ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চেধৈুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী মো. সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি, হারুনার রশীদ এমপি, মুশফিকুর রহমান এমপি, কাজী আনোয়ার হোসেন এমপি, আব্দুল খালেক এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ এমরানুর রেজা প্রমুখ।
