বুধবার প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন
জোট সরকার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
প্রধানমন্ত্রী বুধবার দুপুর আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে পর্যায়ক্রমে বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিফলক, রেলওয়ে স্টেশনের নতুন ভবন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বেগম খালেদা জিয়া মহিলা হোস্টেলের উদ্বোধন করবেন এবং পরে নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রসাশন ও দলের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও এ সুযোগে প্রচারণার মাধ্যমে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
পুলিশ সুপার একেএম মাসুদুল আলম জানান, এ উপলক্ষে পুলিশ প্রসাশনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বাইরে ১৬ টি জেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ আনা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস থাকলেও দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন। রূপান্তরিত গ্যাসপ্ল্যান্ট আশুগঞ্জ থেকে সিলেটে স্থানান্তর, আখাউড়া জংশন উপেক্ষা করে বাইপাস রেললাইন নির্মাণে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এছাড়া তিতাস নদী খনন ও তিতাসের পূর্বাঞ্চলের দশটি ইউপি নিয়ে আলাদা উপজেলার দাবিও রয়েছে।
গত নির্বাচনের আগে ৬ ফেব্র“য়ারি ৬ মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় মাদ্রাসা ছাত্র ও আলেমদের মধ্যেও ক্ষোভ রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও ওই ঘটনার বিচার ও নিহতদের পরিবারের পুনর্বাসন হয়নি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পর্যায়ের ইসলামি ঐক্যজোটের শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, মাদ্রাসা ছাত্রদের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমাতায় গেলেও তারা তাদের রক্তের সাথে বেইমানি করেছে।
এদিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক থেকে একজন বীরউত্তম ও একজন বীরপ্রতীকের নাম বাদ দেওয়ায় মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বর্জন করেছেন।
