২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগকে ছাড়াই সংসদের ২০তম অধিবেশন শুরু

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বর্জনের মধ্য দিয়ে অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশন সোমবার বিকেলে শুরু হয়েছে। সংসদের এ অধিবেশন আগামী ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত মোট ১৫ কার্যদিবস স্থায়ী হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে সংসদের শীতকালীন এ অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ, পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন, ৯ জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও আলোচনা এবং একটি বিল উত্থাপন করা হয়।

আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৫’ সংসদে উত্থাপণ করেন।

অধিবেশন আগামী ২৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।

অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী পাঁচজন সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সদস্যরা হচ্ছেন -- বিএনপির ব্যরিস্টার জিয়াউর রহমান খান ও শামসুল আলম প্রামানিক, জাপার (এরশাদ) হাফিজউদ্দিন আহমেদ, জামায়াতের শাহজাহান চৌধুরী এবং আওয়ামী লীগের কর্ণেল (অব:) ফারুক খান।

পরে সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ সোমবার দলমত নির্বিশেষে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশ থেকে সংঘাত-সংঘর্ষ ও যেকেনো ধরনের উগ্রবাদিতার স্থায়ী অবসান ঘটিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে ডেপুটি স্পিকার প্রয়াত নয়জনকে নিয়ে শোক প্রস্তাব উত্থাপণ করেন। ওইসব বিশিষ্ট ব্যক্তি হচ্ছে -- বিএনপির সাংসদ শামসুল ইসলাম খান, কুয়েতের আমীর শেখ জাবের আল আহমেদ আল সাবাহ, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য মহবুবল হক খান চৌধুরী, সাবেক সাংসদ মঞ্জুরুল ইসলাম তালুকদার, সাবেক সাংসদ একেএম জিয়াউদ্দিন পল্টু, সাবেক সাংসদ মাহমুদুল করিম চৌধুরী এবং সাবেক সাংসদ গাজী আজিজ ফেরদৌস।

পরে বর্তমান সংসদের সাংসদ শামসুল ইসলাম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে আলোচনা শেষে সংসদের অধিবেশন সোমবার ২৫ মিনিটের জন্য মূলতবি করা হয়।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্থানীয় সরকার মন্ত্রী  আব্দুল মান্নান ভূঁইয়া, চিফ হুইফ খন্দকার দেলোয়ার হোসেন, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আব্দুস সোবহান, ও টিআইএম ফজলে রাব্বী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শামসুল ইসলাম খান সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি শুধু শিল্পপতিই নন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী ও অব্যাহত রাখতে কাজ করে গেছেন।

তিনি বলেন, তিনি শুধু আমাদের দলের নন, সকল দলের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। সকল দলের সাথেই তার সুসম্পর্ক ছিল। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আমরা হারিয়েছি একজন সফল রাজনীতিবিদকে।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেছে।

বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রপতির ভাষণ গতানুগতিক ও জোট সরকারের গুণকীর্তন। তার ভাষণে জাতি হতাশ হয়েছে। তার ভাষণে বিরাজমান সমস্যা নিয়ে জাতির জন্য কোনো দিক নির্দেশনা নেই।