বিরোধী দল হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, বিরোধী দল হরতালের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, বিরোধী দল জাতীয় সংসদে যায় না। কিন্তু সংসদ সদস্য হিসেবে সকল সুযোগ সুবিধা গ্রহণ করছে। তারা সন্ত্রাসীদের মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। জনগণ এখন তাদের সাথে নেই ।
সাতক্ষীরার কলারোয়ায় রোববার এক সমাবেশে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দল এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ যাতে স্বয়ং সম্পূর্ণ না হতে পারে সেজন্যে তারা ঘন ঘন হরতাল করে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, দেশ স্বয়ং সম্পূর্ণ হলে বেকারত্ব থাকবে না। ছেলেরা চাকরি পাবে। কিন্তু বিরোধী দল তা চায় না। যারা দেশের মঙ্গল চায় না তারা বিদেশীদের মদদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।
এর আগে প্রধানমন্ত্রী সাতক্ষীরা পলিটেকনিকের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
