২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের ২০তম অধিবেশন সোমবার বিকেলে শুরু হচ্ছে

৮ম জাতীয় সংসদের ২০তম অধিবেশন সোমবার বিকেল সোয়া ৪টায় বসছে। এটি হচ্ছে চলতি বছরের প্রথম ও শীতকালীন অধিবেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 03:22 PM

এ অধিবেশনে সারাদেশে জঙ্গি তৎপরতা এবং বোমা হামলা নিয়ে তুমুল বাক-বিতণ্ডা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথাগত রীতি অনুযায়ী এ অধিবেশনের উদ্বোধনী দিবসে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ জোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা থাকায় এ অধিবেশন কিছুটা দীর্ঘস্থায়ী হতে পারে।

অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে। স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

৯০ কার্যদিবস অনুপস্থিতির কারণে সদস্যপদ বাতিলের বাধ্যবাধকতা থাকায় দীর্ঘ এক বছর পর প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সংসদের এ অধিবেশনেই যোগ দিতে পারে। সংসদে যোগ দিলেও রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কারণে আওয়ামী লীগ প্রথম দিনেই সংসদে যোগ দেবে না। ওইদিন ১৪ দল পল্টন ময়দানে জনসভা করবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সংসদে ফিরেই দেশে সাম্প্রতিক বোমাবাজি ও জঙ্গি তৎপরতা নিয়ে আলোচনার চেষ্টা করবে। এতে সরকারি দলের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হলে তারা ওয়াক আউট করতে পারে।

এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপণ ও পাস করা হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : জঙ্গি বোমাবাজদের কঠোর শাস্তির বিধান করে সন্ত্রাস বিরোধী বিল, কোম্পানি আইন সংশোধনী বিল, বিশ্বব্যাংকের দায়মুক্তি বিল, মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিল ও বেসরকারি নিরাপত্তা সেবা বিল।

এছাড়াও আওয়ামী লীগের সাংসদরা জঙ্গি ইস্যু, সাবেক অর্থমন্ত্রী ও সাংসদ কিবরিয়া হত্যাকাণ্ড, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাসসহ বেশ কয়েকটি ইস্যুতে নয়টি মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন।