২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সারাদেশে ১৪ দলের সকাল - সন্ধ্যা হরতাল, ঢাকায় মিছিলে পুলিশের হামলা, টিয়ার শেল নিক্ষেপ

আওয়ামী লীগসহ ১৪ দল আহূত রোববারের দেশব্যাপী সকাল - সন্ধ্যা হরতালের সমর্থনে শনিবার বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানসহ নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ হামলা চালায়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া - পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সব ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এছাড়া ১৪ দলের আজিমপুরের পথসভা, জাসদের (ইনু) জিরো পয়েন্টের মিছিল এবং রামপুরার হাজীপাড়ায় পুলিশ লাঠিচার্জ করে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সদ্য নিয়োগকৃত দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং নির্বাচন কমিশন সচিবালয় সংস্কারের দাবিতে ১৪ দল এই হরতাল আহ্বান করেছে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বঙ্গবন্ধু এভিনিউতে বিকাল সাড়ে ৪টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়ার নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। এতে মায়া, হাজী সেলিমসহ বেশ কয়েকজন নেতা - কর্মী আহত হন। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

মহানগর আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি কমিশনার চৌধুরী আলমসহ তার সশস্ত্র ক্যাডাররাও পুলিশের পাশপাশি হামলা চালিয়েছে।   

এদিকে ১৪ দলের পূর্বঘোষিত পুরানো ঢাকায় শনিবার ট্রাক মিছিল ও পথসভা চলাকালে পুলিশ বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। এ সময়  আওয়ামী লীগের ২৫ - ৩০ জন নেতা কর্মী আহত হয়। ইডেন কলেজের সামনে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আজিমপুরের পথসভার শেষে ইডেন কলেজের সামনে ট্রাক নিয়ে এলে লালবাগ থানা পুলিশ গতিরোধ করে। এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, স্বাস্থ্য সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম এবং ন্যাপ নেতা শফিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ট্রাকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, হরতালের সমর্থনে শনিবার বিকালে জাসদ (ইনু) কার্যালয় থেকে মিছিল বের করলে জিরো পয়েন্টের কাছে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতার, কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমান, করিম শিকদারসহ প্রায় ২০ জন নেতা - কর্মী আহত হয়।

ঘটনার প্রতিবাদে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে আবারো মিছিল বের হয়।

এছাড়া বাহাদুর শাহ পার্কের সামনে ১৪ দলের আরেকটি মিছিলে পুলিশ বাধা দেয়।     

জাতীয় শ্রমিক জোট হরতালের সমর্থনে শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত রামপুরা, উত্তরা, সদরঘাট, সিদ্ধিরগঞ্জসহ ঢাকা ও তার সংলগ্ন এলাকায় মানব বন্ধন ও সমাবেশ করে। পুলিশের বাধার মধ্যেই রামপুরা হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে জাসদ (ইনু) নেতারা বক্তব্য রাখেন ।

এছাড়া রোববারের হরতাল এবং সোমবার পল্টন ময়দানের জনসভা এবং ৫ ফেব্র“য়ারির লং মার্চের সমর্থনে ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ শনিবার চারটি ট্রাকে পুরো রাজধানীতে জনসংযোগ চালায়। তারা তাদের দাবি - দাওয়ার পক্ষে লিফলেট বিতরণ করেন । 

এদিকে চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত ১৪ দলের এক সভায় রোববার থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠেয় দুদিনব্যাপী মাইজভাণ্ডার ওরস শরীফের শতবর্ষ পূর্তি উপলক্ষে নগরীকে হরতালমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজের যশোর প্রতিনিধি জানান, রোববারের হরতালের সমর্থনে শনিবার জেলায় ১৪ দল মিছিল বের করলে আওয়ামী লীগের দুটি গ্র“পের মধ্যে এক সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন নেতা - কর্মী আহত হন।