প্রধানমন্ত্রী ফেব্রুয়ারিতে পাকিস্তান ও মার্চে ভারত সফরে যাবেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেব্র“য়ারির শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন।
এদিকে ভারতীয় কর্মকর্তারা তার মার্চে নয়াদিল্লী সফরের জন্যে ঢাকার পাঠানো দুটি সম্ভাব্য তারিখের ওপর কাজ করছেন। পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ কথা জানায়।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
২০০১ সালের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপি’র নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর।
বেগম জিয়া গত নভেম্বর ১২-১৩ তারিখে ঢাকায় আয়োজিত ১৩তম সার্ক সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে ‘ফলপ্রসু’ এবং ‘আন্তরিক’ আলোচনা করেন।
সার্ক সম্মেলনে বাংলাদেশ চেয়ারপার্সনের দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিক কারণেই প্রধানমন্ত্রীকে সার্কভূক্ত দেশ সফর করতে যাচ্ছেন।
গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই প্রতিবেশি রাষ্ট্রের সম্পর্কের বরফ গলতে শুরু করে।.সে সময় ভারতীয় মন্ত্রী প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমন্ত্রণপত্র বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেন।
কূটনীতিকরা এ আমন্ত্রণকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নয়ন বলে ব্যাখ্যা করেন।
অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনের আগে এই সফরের সময় নির্ধারণ করতে পারেননি।
বিএনপি-চার দলীয় কোয়ালিশন সরকারের মেয়াদ অক্টোবরে শেষ হবে এবং সরকারের উচ্চ মহল মনে করছে এবছরের প্রথম কোয়ার্টারেই সফর কর্মসূচিসমূহ সম্পন্ন করা হোক।
