সিইসিকে অপসারণের জন্যে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের সুপারিশ করেছে এসসিবিএ
ভোটার তালিকা প্রণয়ন নিয়ে ‘গুরুতর অসদাচরণ’ করায় প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজকে অপসারণের জন্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে একটি সুপরিশমালা পাঠিয়েছে।
বুধবার সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এসসিবিএ’র এক জরুরী সভায় এ সুপারিশমালা তৈরি করা হয়।
এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ‘আমরা রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে সুপারিশমালার একটি কপি পাঠিয়েছি। আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্যে রাষ্ট্রপতিকে সিইসি ও অপর দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছি। রাষ্ট্রপতি রাজনৈতিক দিক থেকে বিবেচনা না করে সংবিধান অনুসারে তার দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করছি।’
সুুপারিশমালায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ এবং নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়ার অপসারণ দাবি জানায় এসসিবিএ।
এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বলেন, রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলে আইনজীবীরা বিচারপতি এমএ আজিজের অসদাচরণ প্রমাণে সহায়তা করবে।
তিনি বলেন, হাইকোর্টের আদেশ না মেনে এবং অপর দুই নির্বাচন কমিশনারের মতামতকে উপেক্ষা করে বিতর্কিত লোকজন দিয়ে নতুন ভোটার তালিকা তৈরির কাজ অব্যাহত রেখে সিইসি বিচারপতি এমএ আজিজ গুরুতর অসদাচরণ করেছেন।
এসসিবিএ’র সুপারিশমালায় বলা হয়, বিচারপতি এমএ আজিজ, বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়া এই তিন নির্বাচন কমিশনারের প্রতি দেশবাসীর কোনও আস্থা নেই।
সুপারিশমালায় আরও বলা হয়, নতুন ভোটার তালিকা তৈরির ব্যাপারে হাইকোর্টের দেয়া রায় নিয়ে বিতর্কিত নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান যে মন্তব্য করেছেন তা আদালত অবমাননার সামিল।
এ ধরনের মন্তব্য করায় এসসিবিএ বিচারপতি মাহফুজুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে সকলের প্রতি আহ্বান জানায়।
সরকার কর্তৃক নির্বাচন কমিশনকে দলীয়করণ করার প্রতিবাদে এবং নির্বাচন কমিশনকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে এসসিবিএ বুধবার ওই জরুরী বৈঠক করে।
