২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া নতুন নির্বাচন কমিশনার

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ সোমবার দুজন নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন - বিচারপতি মাহফুজুর রহমান ও নির্বাচন কমিশন সচিব সম জাকারিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেছুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে তিনি বিডিনিউজকে বলেন, রাষ্ট্রপতি ওই দুজনের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ওই দুজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ করেছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সদ্য নিয়োগপ্রাপ্ত কমিশনাররা বিকালেই শপথগ্রহণ করেন। বর্তমান নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও মুন্সেফ আলীর নিয়োগ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সোমবারও অফিস করেননি।

নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও মুন্সেফ আলী গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আজিজের সঙ্গে সাক্ষাত করতে না পারলেও সদ্য নিয়োগপ্রাপ্ত কমিশনার দুজন শপথ গ্রহণের পর সোমবারই  তার বাসভবনে গিয়ে সাক্ষাত করেন।

বিকাল সাড়ে ৫ টায় সম জাকারিয়া সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনার হিসেবে আমি শপথ গ্রহণ করেছি।

তিনি বলেন, এটি একটি সাংবিধানিক পদ। এই পদে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে। এ দায়িত্বে থেকে আইন ও সংবিধানের বাইরে কোনো কথা বলা যাবে না। আমি আইন ও সংবিধানকে রক্ষা করবো।

তিনি কারো নাম উল্লেখ না করেই কমিশনের সমালোচনা করে  বলেন, নির্বাচন কমিশনের দুর্ভাগ্য। সাংবিধানিক ও জাতীয় প্রতিষ্ঠানে থেকে এই প্রতিষ্ঠানকে নিয়ে কেউ কেউ ছেলেমানুষী করেছেন। এটি অন্যায়। এই পদটি অতি পবিত্র।

সম জাকারিয়া জানান, প্রধান নির্বাচন কমিশনার মঙ্গলবার অফিস করতে পারেন। তিনি এখন বেশ খানিকটা সুস্থ। তবে চিকিৎসকরা তাকে আরো দুয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

 নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী  বলেন, নতুন কমিশনার নিয়োগ একটি স্বাভাবিক প্রক্রিয়া। রাষ্ট্রপতি ইচ্ছা করলেই নিয়োগ দিতে পারেন। এ ক্ষেত্রে আমাদের কিছু বলার নেই।

এটি কোনো উদ্দেশ্যমূলক নিয়োগ কিনা, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, এ সম্পর্কে আামি কিছু জানি না। রাষ্ট্রপতি যদি মনে করেন নির্বাচন কমিশনে আরো কমিশনার নিয়োগ   দেওয়া প্রয়োজন, তবে তিনি তা দিতে পারেন। এ পদের  কোনো সংখ্যা নির্দিষ্ট করা নেই।

নির্বাচন কমিশনার মুন্সেফ আলী বলেন, সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান সরে যাওয়ায় এমনিতেই শূন্যতা ছিলো। এখন আমরা দুজন কমিশনারও ১৯ এপ্রিল বিদায় নেবো। কমিশনের প্রয়োজনেই নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিশনারদের নিরেপক্ষতার প্রশ্নে তিনি বলেন, সাংবিধানিক চেয়ারে বসে তারা কি দায়িত্ব পালন করেন, তা শিগগিরই বোঝা যাবে।

নির্বাচন কমিশনে এই প্রথম  প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ জন কমিশনার কাজ করবেন। এর আগে চার জন পর্যন্ত কমিশনার ছিলেন। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ে মঙ্গলবার থেকে সচিবের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের বর্তমান যুগ্মসচিব মোহাম্মদ জকরিয়া।

কমিশন সুত্র জানায়, সোমবার সাবেক সচিব সম জাকারিয়া কমিশনার হিসেবে শপথ গ্রহণ করার পর সচিবের পদ শূন্য হয়।  কমিশন যুগ্মসচিব মোহাম্মদ জকরিয়াকে সচিবের দায়িত্ব পালনের নির্দেশ দেয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার সম জাকারিয়া  সোমবার দুপুর পর্যন্ত তার দায়িত্ব পালন করেছেন। তার চুক্তিভিত্তিক মেয়াদ ছিলো এ বছরের ৭ ফেব্র“য়ারি পর্যন্ত। তিনি সচিব হিসেবে ২০০২ সালের ১ এপ্রিল থেকে ওই দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সচিব পদেই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন ২০০৫ সালের ৭ ফেব্র“য়ারি থেকে।

কমিশন সূত্র জানায়,  চুক্তি ভিত্তিক মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার তার চুক্তি বাতিল করা হয়।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার নতুন দুজন নির্বাচন কমিশনারের নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, এটি সম্পূর্ণ অবৈধ। রাজনৈতিক উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। আমরা এই নিয়োগ মেনে নিতে পারি না। এ ধরণের নিয়োগকে আমরা প্রত্যাখান করছি।

তিনি বলেন, গোটা দেশ ও দেশের জনগণ যখন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সচিবালয় সংস্কারের আন্দোলন করছে জোট সরকার ঠিক তখনই জনগণের আন্দোলন নস্যাৎ করতে এই পদক্ষেপ গ্রহণ করলো।

আওয়ামী লীগ সকল দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগের দাবি জানিয়েছে।

এর আগেও দলটি প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের নিয়োগও প্রত্যাখান করে।

এছাড়া আওয়ামী লীগ ওই দুজন নির্বাচন কমিশনার নিয়োগের প্রতিবাদে বিকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল করে। কড়া পুলিশী প্রহরায় মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা -- কর্মীরা অংশ নেয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

বিক্ষোভ মিছিল থেকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভকারীরা একই সঙ্গে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কমিশন অভিমুখে ১৪ দলের পদযাত্রা কর্মসূচি সফল করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানায়।