২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ জানুয়ারি নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা কর্মসূচি সফল করতে আ. লীগের বৈঠক

হাইকোর্টের নির্দেশ অমান্য করে একতরফাভাবে বিএনপি-জামাত জোটের দলীয় কর্মীদের ‘মনগড়া’ ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রমের প্রতিবাদে ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে যাত্রা কর্মসুচী গ্রহণ করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এ কর্মসূচি সফল করার জন্যে বিস্তারিত আলোচনা করা হয়।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ জানুয়ারি ১৪ দলের নেতা-কর্মী ও সমর্থকদের ধানমন্ডির কলাবাগান মাঠে সকাল এগারটায় উপস্থিত হওয়ার জন্যে বলা হয়েছে।

সভায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল এমপি, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মুকুল বোস, আবদুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া. ডাঃ এইচবিএম ইকবালসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।