২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জিয়া মেডিক্যাল ছাড়া ৪ বছরে স্বাস্থ্যখাতে কিছুই করেনি জোট: প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে আ.লীগ

স্বাস্থ্য খাতে উন্নয়ন প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে, বগুড়ায় জিয়া মেডিক্যাল কলেজ ছাড়া বিএনপি জামাত জোট চার বছরে এ খাতে আর কিছুই করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, উন্নয়ন নয় - জোট সরকার গত চার বছরে অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্যকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার উচ্চাভিলাষে দলীয়করণকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চ শিক্ষাকে ধ্বংস করছে।

তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে গণমুখী করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের মতামত নিয়ে বিগত আওয়ামী লীগ সরকার দেশে প্রথমবারের মত একটি জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছিল। কিন্তু এ সরকার তা বাস্তবায়ন না করে সংশোধনের নামে কালক্ষেপন করছে।  তিনি অবিলম্বে স্বাস্থ্যনীতি গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।

সম্প্রতি বিএমএ’র জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাস্থ্যখাতে উন্নয়নের যে ফিরিস্তি দিয়েছেন, তা আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত প্রকল্পসমূহের ধারাবাহিকতা মাত্র।

চিকিৎসকদের নতুন পদ সৃষ্টির ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণার কোন ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক নিয়োগের কাজ শুরু করে এবং ইউনিয়নে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার ভবন তৈরি করে ডাক্তার ও নার্সদের আবাসনের ব্যবস্থা করেছিল।

এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতার জন্যে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। একই সঙ্গে বর্তমান সরকারের দলীয়করণ ও রাজনৈতিক প্রতিহিংসা নীতির কারণে নানাভাবে নির্যাতিত ও হয়রানির শিকার চিকিৎসকদের যোগ্যতার ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা হবে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা: রুহুল হক ও সাধারণ সম্পাদক ডা: ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।